আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ ঘোষণার পর নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টুর বাড়িতে হামলা ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ পাওয়া গেছে।
শনিবার রাত সাড়ে ১১ দিকে নোয়াখালী পৌরসভার জয়কৃষ্ণপুর গ্রামের বাড়িতে ওই হামলা চালানো হয়। ৫ আগস্ট পরবর্তী নোয়াখালী শহর আওয়ামী লীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু আত্মগোপনে রয়েছেন।
আবদুল ওয়াদুদের পরিবারের সদস্যরা জানায়, রাত সাড়ে ১১টার দিকে ৭০ থেকে ৭৫টি মোটরসাইকেল তাদের বাড়িতে প্রবেশ করে। প্রতিটি মোটরসাইকেলে দু’তিনজন করে ছিল। তিনি কিছু বুঝে উঠার আগেই ওই ব্যক্তিরা বাড়িতে হামলা-ভাঙচুর শুরু করে। এ সময় তারা ভীতসন্ত্রস্ত হয়ে একটি কক্ষে ঢুকে আশ্রয় নেন এবং পুলিশ ও সেনাবাহিনীকে ফোন করেন।
ওয়াদুদের স্ত্রী সাবরিনা মাহজাবিন জয়ন্তী অভিযোগ করে বলেন, হামলাকারীরা বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় প্রতিটি কক্ষে হামলা ভাঙচুর ও মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। তারা বাড়ির সামনে রাখা তিনটি গাড়ি ভাঙচুর করে। এক পর্যায়ে নিচ তলায় আগুন ধরিয়ে দেয়। প্রায় ৩০ মিনিট ধরে এই তাণ্ডব চালানো হয়। তাদের বাড়ির ভাড়াটিয়াদের ঘরেও হামলা চালানো হয়। হামলাকারীরা চলে গেলে চিৎকারে আশেপাশের লোকজন এসে আগুন নেভায়।
জয়ন্তী আরো জানান, হামলাকারীদের কাউকে তিনি চিনতে পারেননি। হামলা-ভাঙচুর করে তারা চলে যাওয়ার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা পরিদর্শন করে গেছেন।
এ ঘটনায় নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি রোববার সন্ধ্যা পৌনে ৮টার সময় বলেন, তারুণ্যের সমাবেশে অংশগ্রহণের জন্য নোয়াখালী জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দলসহ দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থকগণ আমরা চট্টগ্রামে অবস্থান করছি। আওয়ামী লীগ নেতা পিন্টুর বাড়িতে হামলার ঘটনার সাথে বিএনপি কোনোভাবেই জড়িত নয় এবং এ ধরনের সন্ত্রাসী হামলাকে বিএনপি কোনোভাবেই সমর্থন করে না এবং কখনোই করবে না। এটি অন্য কোনো গুষ্টি করেছে। যারা হামলা করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।
এ ঘটনায় সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম রোববার সন্ধ্যা সাড়ে ৭টার সময় বলেন, হামলকারীরা বাড়ির গ্লাস ভাঙচুর করেছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা হামলা করেছে এটি এখনো জানা যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী এটি উদ্ঘাটনে কাজ করছে। তবে এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবারের কেউ থানায় অভিযোগ দায়ের করেনি।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

