ফেনীর পরশুরামের বক্সমাহমুদ বাজারে বারবার অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। শুক্রবার দিবাগত রাতে ভয়াবহ আগুনে গোডাউনসহ ১৯টি দোকান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন নুরুল আমিন রবিন, মাইফুল, নিজাম উদ্দিন, আবদুল কাদের মিনার, মোস্তফা, সামছুল হক, মিন্টু, আবুল খায়ের ও এমরান হোসেন। এসব দোকানের আয়েই চলত তাদের পরিবারের সংসার। আগুনে পুঁজি ও মালামাল হারিয়ে নতুন করে ব্যবসা শুরু করা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন তারা।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ভাষ্য, একটি মুদি দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরশুরাম ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তবে এর আগেই বেশির ভাগ দোকান পুড়ে যায়। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
বক্সমাহমুদ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন মিনার বলেন, ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত পৌঁছানোয় অনেক দোকান আগুনের হাত থেকে রক্ষা পেয়েছে। পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া বলেন, হঠাৎ এভাবে অগ্নিকাণ্ডের ঘটনা অত্যন্ত দুঃখজনক। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতার চেষ্টা করা হচ্ছে।
বক্সমাহমুদ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা এবারই প্রথম নয়। এর আগে ২০২৫ সালের ২৩ জুলাই রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে বাজারের গোলাম আজম মার্কেটে আগুনে বীজ, চা ও মুদি দোকানসহ আটটি দোকান পুড়ে যায়। তারও আগে ২০২১ সালের ১৮ এপ্রিল রাত সাড়ে ৩টার দিকে মামুন ও জসিম পাটোয়ারী মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ওষুধ, মুদি, ফার্নিচার ও স্বর্ণের দোকানসহ অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে যায়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

-fa58c7-720x405.webp)