নোয়াখালী সদর উপজেলার মাদক সম্রাট, কিশোর গ্যাংয়ের মদদদাতা ও যুবলীগ নেতা টিটুকে চোলাই মদসহ পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বৃহস্পতিবার আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নাছির উদ্দিন টিটু (৪৩) উপজেলার অশ্বদিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক ও একই ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।
আদালত আসামির জামিন না মঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠান। বুধবার রাতে উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আইয়ুবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে চোলাই মদসহ তাকে আটক করে স্থানীয় জনগণ। পরে জনতা তাকে মারধর করে পুলিশে সোপর্দ করে।
স্থানীয়রা জানায়, ৫ আগস্টের পর আত্মগোপনে চলে যায় মাদক কারবারি ও কিশোর গ্যাংয়ের আশ্রয়দাতা টিটু মেম্বার। বুধবার সন্ধ্যার দিকে অশ্বদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ওয়াপদা ব্রিজ আইয়ুব পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় যুবলীগ নেতা টিটু মেম্বারকে স্থানীয় কিছু লোকজন চোলাই মদসহ আটক করে। পরে তাকে ওই চোলাই মদসহ পুলিশে সোপর্দ করে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে টিটু এলাকায় মাদক রাজ্যের গডফাদার ছিল। এছাড়াও তার বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও কিশোর গ্যাং সদস্যের মদদের অভিযোগ রয়েছে। তৎকালীন সময়ে স্থানীয়রা তার বিরুদ্ধে ভয়ে মুখ খুলতে পারেনি।
অশ্বদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের এক নেতা জানান, যুবলীগ করার কারণে টিটুকে মারধর করে মাদকসহ পুলিশে হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে আগে মাদক বাণিজ্যের অভিযোগ থাকলেও বর্তমানে তিনি মাদকের সাথে নেই।
এ নিয়ে জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম শুক্রবার দিবাগত রাত নয়টায় জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা নেয়া হয়েছে। স্থানীয়রা টিটুকে ৪-৫ লিটার চোলাই মদসহ আটক করে। খবর পেয়ে পুলিশ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। বৃহস্পতিবার টিটুকে আদালতে নেয়ার পর বিজ্ঞ আদালত জামিন না মঞ্জুর করে আদালতে পাঠান।
এমএস
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

