কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর পানবাজার পুলিশ ক্যাম্পের অভিযানে ৬ হাজার পিস ইয়াবা সদৃশ ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক রোহিঙ্গা সদস্যকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উখিয়ার পানবাজার পুলিশ ক্যাম্পের চেকপোস্ট-৯.১ এ এ অভিযান পরিচালনা করা হয়।
এপিবিএন পুলিশ সূত্রে জানা গেছে, ক্যাম্পের পুলিশ সদস্যরা রোহিঙ্গাদের তল্লাশিকালে এক সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশির জন্য ডাক দিলে তিনি দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
পরবর্তীতে স্থানীয় দোকানদার ও পথচারীদের উপস্থিতিতে আটক ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা শাহামিয়ার ছেলে জোনায়েদ (২৩)।
সাক্ষীদের উপস্থিতিতে তার দেহ তল্লাশি করে দখলে থাকা একটি কালো পলিথিনে মোড়ানো সাদা শপিং ব্যাগ থেকে ৩০টি নীল জিপারযুক্ত পলিব্যাগ উদ্ধার করা হয়। প্রতিটি পলিব্যাগে ২০০টি করে ৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। পরে উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়।
এ বিষয়ে ৮ এপিবিএন-এর অধিনায়ক রিয়াজ উদ্দিন আহম্মেদ, পিপিএম বলেন, রোহিঙ্গা ক্যাম্প এলাকায় মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। যে কোনো মূল্যে মাদক পাচার ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে আমরা সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাব।
তিনি আরও বলেন, আটককৃত ব্যক্তি এবং জব্দকৃত আলামতের বিষয়ে উখিয়া থানায় নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

