যেনতেন নির্বাচন দিয়ে পালালে জনগণ ক্ষমা করবে না: হাসনাত আব্দুল্লাহ

যেনতেন নির্বাচন দিয়ে পালালে জনগণ ক্ষমা করবে না: হাসনাত আব্দুল্লাহ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, অন্তর্বর্তী সরকারকে কিছু কথা স্পষ্ট করে বলতে চাই। অন্তর্বর্তী সরকারের নানা উপদেষ্টার বিরুদ্ধে আমরা দুর্নীতির কথা শুনতে পাচ্ছি। আমরা বিশ্বাস করতে চাই না। কিন্তু আপনারা আমাদের সরলতার সুযোগে জাতিকে প্রতারিত করছেন। আমরা বিশ্বাস করতে চাই না এগুলো সত্য । আমরা শুনছি আমাদের অনেক উপদেষ্টা নাকি বিভিন্ন দেশের লাইসেন্স দেয়। আমরা অনেক আশা-ভরসা নিয়ে সংস্কারের জন্য বলেছিলাম । উপদেষ্টারা নাকি বিভিন্ন দেশের লোক পাঠানোর ম্যান সাপ্লাইয়ার লাইসেন্স দেয়। ভাগবাটোয়ারা করে অনেকে দুর্নীতি করতেছেন।

বিজ্ঞাপন

শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুলতানপুর ইউনিয়নের তুলাগাঁও গ্রামে ‘উঠানে রাজনীতি’ শীর্ষক একটি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উপদেষ্টাদের উদ্দেশ করে তিনি আরো বলেন, অন্তর্বর্তী সরকার, আপনি যদি মনে করেন পশ্চিমের ভিসা কনফার্ম করে, পূর্বের ভিসা কনফার্ম করে, এই দেশের সাথে প্রতারণা করে, নিজের স্বার্থ নিশ্চিত করে দেশ থেকে পালায়ে যাবেন একটা যেমনতেমন নির্বাচন দিয়ে; ছাত্র জনতা আপনাদের মাফ করবে না। আপনারা দেখেছেন কীভাবে পাখির মতো গুলি করে আবু সাঈদকে হত্যা করেছে।

গুলির সামনে থেকে কেউ পিছনে ফিরে আসেনি। পুলিশ বলেছিল ‘একটারে গুলি করি আরেকটা সামনে আসে। বাকিগুলা যায় না।’ উপদেষ্টাদের বলতে চাই, আমরা মরে যাই নাই। আপনাদের যে উদ্দেশ্যে আনা হয়েছে সেই কাজগুলো করুন। মালয়েশিয়ার লাইসেন্স দেয়ার জন্য আপনাকে এখানে আনা হয়নি।

নির্বাচন কমিশনকে উদ্দেশ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, খুব দ্রুততম সময়ের মধ্যে যদি আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে না পারেন, আমাদের সংস্কার প্রস্তাবগুলো নতুন সংবিধানে প্রণয়নের জন্য গণপরিষদ নিশ্চিত করা না যায়, সে ক্ষেত্রে ফেব্রুয়ারির নির্বাচন বিভিন্ন রাজনৈতিক দলের প্রভাবের কারণে বিনষ্ট হবার সম্ভাবনা রয়েছে।

জনগণের আশঙ্কা আপনাদের দূর করতে হবে। নির্বাচন আগামী দিন হোক, পরশু হোক, আগামী মাসে হোক, ফেব্রুয়ারিতে হোক, আমাদের কিছুই আসে যায় না। নির্বাচনের আগেই খেলার নিয়মটা চেঞ্জ করতে হবে। আমাদের নতুন সংবিধানের নিশ্চয়তা দিতে হবে ।

দেবিদ্বার উপজেলা জাতীয় নাগরিক পার্টির আহবায়ক জামাল মোহাম্মদ কবীরের সভাপতিত্বে বৈঠকে আরও বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক মাহবুব আলম, এহতেশাম হক, দেবিদ্বার উপজেলা সার্চ কমিটির যুগ্ম সমন্বয়কারী জাহাঙ্গীর আলম প্রমুখ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন