সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ ও বিশেষজ্ঞ সহায়তা নেওয়া হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সামুদ্রিক খাতে বিদেশি বিনিয়োগ ও বিশেষজ্ঞ সহায়তা নেওয়া হচ্ছে: নৌপরিবহনমন্ত্রী

সামুদ্রিক খাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা থাকলেও তা পুরোপুরি কাজে লাগানো যায়নি বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, কেন এতদিন সম্ভাবনা কাজে লাগানো যায়নি, তা নিয়ে আর ভাবার সময় নেই; এখন বাস্তবে এ খাতকে এগিয়ে নিতে হবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার( ২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ মেরিন একাডেমি প্রাঙ্গণে ‘বিশ্ব নৌ দিবস ও একাডেমির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, সামুদ্রিক খাতের উন্নয়নে দেশে প্রয়োজনীয় প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ মেরিন একাডেমি, নৌপরিবহন অধিদপ্তর, বাংলাদেশ শিপিং করপোরেশন, বন্দর কর্তৃপক্ষ, বিআইডব্লিউটিএ, বিআইডব্লিউটিসি ও নৌপরিবহন মন্ত্রণালয়—সবই আছে। তবে সমন্বিত উদ্যোগ, বৃহত্তর জাতীয় স্বার্থ বিবেচনা এবং দৃঢ় অঙ্গীকারের ঘাটতি রয়েছে।

শেখ রবিউল আলম বলেন, সামুদ্রিক খাতের বাধা গুলো চিহ্নিত করে দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে চট্টগ্রাম বন্দরের টার্মিনালগুলোর সক্ষমতা ও সামুদ্রিক সেবার মান বাড়াতে বিদেশি বিনিয়োগ ও বিশেষজ্ঞ সহায়তা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, বিশ্বজুড়ে বন্দর ও কনটেইনার ব্যবস্থাপনায় অভিজ্ঞ প্রতিষ্ঠানকে কাজে লাগিয়ে প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি মেরিটাইম ক্যাডেটদের এক বছরের সমুদ্র প্রশিক্ষণ নিশ্চিত এবং বিদেশে কর্মরত বাংলাদেশি নাবিকদের ভিসা-সংক্রান্ত সমস্যা সমাধানে কাজ করছে সরকার।

নৌপরিবহন সচিব জাকারিয়া বলেন, জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম এবং জনশক্তি রপ্তানিতে পঞ্চম হলেও সামুদ্রিক পেশাজীবী সরবরাহে বাংলাদেশের অবস্থান প্রায় ৫০তম। ভবিষ্যতে শীর্ষ ১০-এর মধ্যে আসতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।

অনুষ্ঠানে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী আন্তর্জাতিক নৌ-বিধি বাস্তবায়ন, বিশ্বমানের নাবিক প্রশিক্ষণ, পরিবেশবান্ধব ও ডিজিটাল প্রযুক্তির ব্যবহার বাড়ানোর আহ্বান জানান। অনুষ্ঠানে চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমডোর শফিউল বারী, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট কাজী এবিএম শামীমসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন