আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

প্রেমের টানে এবার ফিলিপাইনি তরুণী ফেনীতে

জেলা প্রতিনিধি, ফেনী

প্রেমের টানে এবার ফিলিপাইনি তরুণী ফেনীতে
ছবি: আমার দেশ

প্রেমের টানে এবার ফেনীতে এসে এক যুবককে বিয়ে করেছেন সুদূর ফিলিপাইনের তরুণী জেনি।

বুধবার (৪ মার্চ) রাতে শহরের কেন্দ্রীয় কালীমন্দিরে সনাতন ধর্মীয় রীতি মেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

জানা যায়, বর সুজন পাল (৩৪) নোয়াখালীর কবিরহাট উপজেলার দরাপনগর গ্রামের বাসিন্দা। তার বাবা হিরলাল পালসহ পরিবারের লোকজন বসবাস করেন ফেনীতে।

কাজের সূত্রে তিনি দীর্ঘদিন কাতারে ছিলেন। ২০১৮ সালে কাতারেই ফিলিপাইনের তরুণী জেনির (৩২) সঙ্গে প্রথম পরিচয় হয় তার।

পরে বন্ধুত্ব এবং ধীরে ধীরে তা গভীর প্রেমে রূপ নেয়। প্রায় আট বছরের সেই সম্পর্কের পর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। একসঙ্গে নতুন জীবন শুরু করতেই জেনি বাংলাদেশে আসেন। বুধবার রাতে ফেনী কালীমন্দিরে আয়োজন করা হয় তাদের বিয়ের অনুষ্ঠান।

জেনি জানান, দীর্ঘদিনের সম্পর্কের পূর্ণতা পেয়ে তিনি খুব আনন্দিত। বাংলাদেশে এসে তার বেশ ভালো লেগেছে। তার ভাষায়, এখানে মানুষের আচরণ, পরিবেশ ও আতিথেয়তা তাকে মুগ্ধ করেছে।

বর সুজন পাল বলেন, আট বছরের সম্পর্কের পর তারা এক হয়েছেন। নতুন জীবনের জন্য সবার কাছে আশীর্বাদ ও দোয়া চান তিনি।

বিয়ে পরিচালনা করেন পুরোহিত শ্রী নিমাই চন্দ্র চক্রবর্তী। তিনি জানান, দুই পরিবারের সম্মতিতে হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে সুজনের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নবদম্পতিকে আশীর্বাদ করেন। ভিন্ন দেশের সংস্কৃতি পেরিয়ে এই প্রেমের গল্প এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। দূরদেশ থেকে আসা জেনিকে দেখতে এবং নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে স্থানীয়দের ভিড়ও দেখা গেছে।

প্রসঙ্গত, এর কিছুদিন আগেও প্রেমের টানে শ্রীলঙ্কান এক তরুণী ফেনীতে অপর এক যুবককে বিয়ে করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন