এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

এক টানেই ধরা পড়ল ১০১ মণ ইলিশ, ৩৩ লাখে বিক্রি

কক্সবাজারের টেকনাফে শাহ পরীর দ্বীপে সাগরে মাছ ধরতে গিয়ে জেলেদের জালে এক টানেই ধরা পড়েছে ১০১ মণ ইলিশ। রোববার বিকেলে শাহ পরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা নিয়ে আসার পর স্থানীয় ব্যবসায়ীরা প্রায় ৩৩ লাখ টাকায় কিনে নেয় এসব ইলিশ।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র বলছে, স্থানীয় জালিয়াপাড়ার আবুল কালামের মালিকানাধীন ‘এফবি দ্বীপ’ নামের একটি ট্রলারে ওই ইলিশ ধরা পড়ে। প্রতিটি ইলিশের ওজন ছিল ৫০০ গ্রাম থেকে এক কেজির বেশি। ট্রলারটির মাঝি নুরুল ইসলাম জানান, শুক্রবার (০৩ এপ্রিল) সকালে ১৫ জন জেলে নিয়ে তারা সাগরে যান। প্রথমদিকে মাছ না পেলেও রোববার ভোরে এক টানেই জালে উঠে আসে বিপুল পরিমাণ ইলিশ মাছ।

তিনি জানান, পরে স্থানীয় মাছ ব্যবসায়ী ফারুকের কাছে ৩৩ লাখ টাকায় ওই মাছগুলো বিক্রি করা হয়।

শাহপরীর দ্বীপ ক্ষুদ্র মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আবদুল গনি বলেন, দীর্ঘদিন সাগরে ইলিশ কম পাওয়া যাচ্ছিল না। এতে জেলেরাও আর্থিক সংকটে পড়েছিলেন। একবারে এই বিপুল মাছ বিক্রির মাধ্যমে আগের কিছু লোকসান পুষিয়ে নেয়া সম্ভব হবে ট্রলার মালিকের। ভালো দাম পাওয়ায় এসব ইলিশ ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।

টেকনাফ উপজেলা মৎস্য অফিস সূত্র জানিয়েছে, ইলিশের প্রজনন বৃদ্ধির জন্য সরকার প্রতিবছর ৬৫ দিনের নিষেধাজ্ঞা আরোপ করে। এছাড়া অক্টোবর মাসে আরো ২২ দিনের নিষেধাজ্ঞা পালন করা হয়। এই নিয়ম মেনে চলার কারণেই ইলিশের উৎপাদন ও আকার বেড়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...