জঙ্গল সলিমপুরে গোলাগুলি, সন্ত্রাসী ইয়াছিনের পাঁচ সহযোগী গ্রেপ্তার

জঙ্গল সলিমপুরে গোলাগুলি, সন্ত্রাসী ইয়াছিনের পাঁচ সহযোগী গ্রেপ্তার
ফাইল ছবি

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানের খবর পেয়ে গুলি ছুড়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় শীর্ষ সন্ত্রাসী মোহাম্মদ ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার দুপুরের দিকে জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ সুপার মাসুদ আলম বলেন, জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চলছিল। পুলিশের উপস্থিতি ও অভিযানের খবর পেয়ে সন্ত্রাসীরা গুলি ছোড়ে। পরবর্তীতে অভিযান চালিয়ে সন্ত্রাসী ইয়াছিনের পাঁচ সহযোগীকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, জঙ্গল সলিমপুরের দুর্গম পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের উপস্থিতি ও অস্ত্রের মজুতের সুনির্দিষ্ট তথ্য পেয়ে পুলিশ এ অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা গুলি ছুড়ে পাহাড়ের ভেতরের দিকে আত্মগোপনের চেষ্টা করে। পরে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি শটগান ও ১৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের মতে, জঙ্গল সলিমপুরের পাহাড়ি এলাকায় জমি দখল, পাহাড় কাটা, প্লট বিক্রি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে একাধিক সশস্ত্র গোষ্ঠী সক্রিয় রয়েছে; যার মধ্যে ইয়াছিন বাহিনী অন্যতম। আলীনগর এলাকায় সম্পূর্ণ ইয়াছিনের নিয়ন্ত্রণ ছিল বলে স্থানীয় সূত্রে জানা যায়।

এর আগে ২০২৬ সালের ৯ মার্চ জঙ্গল সলিমপুরে প্রায় ৩ হাজার ২০০ সদস্যের অংশগ্রহণে যৌথভাবে বড় ধরনের অভিযান চালায় সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও বিজিবি। সেই অভিযানে ২২ জনকে গ্রেপ্তার করা সম্ভব হলেও ইয়াছিন ও রোকন উদ্দিনসহ শীর্ষ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন