কুমিল্লার চান্দিনা উপজেলার দোল্লাই নবাবপুর দক্ষিণ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত রাত আনুমানিক আড়াইটার দিকে এই আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে বাজারের সারি সারি দোকান গ্রাস করে নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং চোখের পলকে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। রাত সোয়া ৩টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কোনো ইউনিট ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী জীবনের ঝুঁকি নিয়ে বালু ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রাথমিক তথ্যানুযায়ী, ইতোমধ্যে বাজারের প্রায় ২০ থেকে ২৫টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। বাজারের ব্যবসায়ীরা জানান, দোকানে থাকা মালামাল বের করার সুযোগ পাননি অনেকেই।
অগ্নিকাণ্ডের কারণ এখনো নিশ্চিতভাবে জানা না গেলেও ব্যবসায়ীদের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো নিরূপণ করা সম্ভব না হলেও এর পরিমাণ কয়েক কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

