নোয়াখালী হাতিয়ায় বিএনপির কর্মীদের ওপর ফের হামলার ঘটনা ঘটেছে। এতে আহত ৫ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সোহেল উদ্দিন (৩০), রুবেল (২৫), মো. রনি (২৬), এরশাদ (৩৫), পয়েল (২৫)। এদের বাড়ি তমরদ্দি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আঠারোবেকী গ্রামে। তারা ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দারের কর্মী-সমর্থক।
আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। রক্তাক্ত নেতাকর্মীদের আর্তনাদে চারপাশ ভারী হয়ে যায়। হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার শিহাব উদ্দিন জানান, সবার শরীরে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেয়ার চিহ্ন রয়েছে। অনেকের আঘাত শরীরের ভিতরে পর্যন্ত চলে গেছে। আবার অতিরিক্ত রক্তক্ষরণে অনেকের শরীর নিস্তেজ হয়ে পড়েছে। এ জন্য চারজনকে রাতেই হাতিয়ার বাহিরে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে তমরদ্দি বাজারে বসে চা দোকানে আড্ডা দিচ্ছিলেন কৃষক দলের এরশাদসহ কয়েকজন। এ সময় উত্তর দিক থেকে দেশীয় অস্ত্র নিয়ে এসে তাদের ওপর হামলা করা হয়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে অনেককে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
এ বিষয়ে তমরদ্দি ইউনিয়ন বিএনপির সভাপতি তানভীর হায়দার বলেন, গত মঙ্গলবার ইউনিয়ন বিএনপির ঈদ পুনর্মিলনীতে আসার পথে হামলা করে বিএনপির অনেক কর্মীকে আহত করা হয়। এই ঘটনায় দুটি মামলা করা হয়। এসব মামলায় কোন আসামি গ্রেপ্তার হয়নি। তাতে আসামিরা আবার হামলা করেছে।
তিনি আরো জানান, ধারালো অস্ত্রের আঘাতে অনেক শরীরের বিভিন্ন অংশ ছিঁড়ে গেছে। ঢাকাতে পাঠানো হয়েছে চারজনকে। হামলাকারীরা সবাই উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর কবিরের লোক বলে জানান তিনি।
আলমগীর কবির জানান, হামলাকারীদের সাথে তার কোনো নেতাকর্মী জড়িত ছিল না। তার বিরুদ্ধে করা অভিযোগ সত্য নয়।
এ বিষয়ে হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) খোরশেদ আলম বলেন, বিএনপি নেতা তানভীর ও আলমগীর গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। তাতে ৫ জন আহত হয়েছে। রাতে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের মধ্যে বিরোধ অনেক আগে থেকে চলে আসছে। এর আগের ঘটনায় দুটি মামলা হয়েছে। আমরা আসামিদের আটকে অভিযান পরিচালনা করে আসছি।
উল্লেখ্য, এর আগে গত মঙ্গলবার তমরদ্দি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঈদ পুনর্মিলনীতে আসার পথে বিএনপির কর্মী সমর্থকদের ওপর হামলার ঘটনা ঘটে। হামলায় ৩৫ জন আহত হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

