নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালীতে মহাসড়ক অবরোধ করে ছাত্রদলের বিক্ষোভ

নোয়াখালীতে ঢাকা-সোনাপুর মহাসড়ক অবরোধের পর বিক্ষোভ করেছেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা। সোমবার দুপুরে জেলা জামে মসজিদের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়।

বিজ্ঞাপন

মিছিল শেষে সমাবেশে বর্তমান কমিটির সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসিম বলেন, ত্যাগী ও রাজপথের কর্মীদের বাদ দিয়ে ব্যক্তিগত অনুসারীদের দিয়ে এই কমিটি গঠন করা হয়েছে। এতে প্রকৃত কর্মীরা বঞ্চিত হয়েছেন।

সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু বলেন, ছাত্রদলের ইতিহাসে এমন বিতর্কিত কমিটি আগে হয়নি। যোগ্যদের মূল্যায়ন না করে অযোগ্যদের পদ দেওয়া হয়েছে যা তৃণমূল পর্যায়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

তবে পকেট কমিটির অভিযোগ নাকচ করে জেলা ছাত্রদলের সভাপতি এনবিএস রাসেল বলেন, যারা পদ পাননি তারাও ত্যাগী, এটা সঠিক। কিন্তু সবাইকেতো একসঙ্গে পদ দেওয়া সম্ভব নয়। কমিটি গঠনে যোগ্যতা ও সাংগঠনিক বিষয় বিবেচনা করা হয়েছে। আমরা তো আওয়ামী লীগ থেকে আসিনি। রাজনীতির জন্য হামলা মামলা জেল জুলুম নির্যাতন ভোগ করেছি। আর কি করলে যোগ্য হওয়া যাবে।

এ বিষয়ে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের বক্তব্য জানার জন্য তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

এদিকে বিক্ষোভ শেষে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নতুন কমিটি থেকে পদত্যাগ করেছেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সাহেদ চৌধুরী বাবু, সহ-সভাপতি মোহাম্মদ ওয়াসিম, তারেক নূর, ইয়াসিন আরাফাত, সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনসহ ১০ নেতা।

এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ চৌধুরী বাবু, পৌরসভা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিম, সদস্য সচিব মোহাম্মদ সজীব, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আনোয়ার হোসেন রকি, নোয়াখালী কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি আকবর হোসেন, জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ইয়াসিন আরাফাত শুভ, উপজেলা ছাত্রদল নেতা রিজভী, তারেক নূর প্রমুখ।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...