কক্সবাজারের টেকনাফের বাহারছড়া উপকূল দিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের সময় ১৬ নারী-পুরুষকে উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে ১৪ জন বাংলাদেশি নাগরিক এবং ২ জন রোহিঙ্গা রয়েছেন।
গতকাল মঙ্গলবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্র সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ মানবপাচারকারী চক্র দীর্ঘদিন ধরে টেকনাফের বাহারছড়া দুর্গম উপকূলীয় এলাকা ব্যবহার করে অবৈধভাবে মালয়েশিয়ায় লোক পাচারের অপচেষ্টা চালিয়ে আসছে। মঙ্গলবার রাতে কচ্ছপিয়া ও নোয়াখালী পাড়া এলাকায় সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে বেশ কয়েকজন নারী-পুরুষকে জড়ো করার সংবাদ পায় পুলিশ। তথ্যের সত্যতা যাচাই করে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস দল দ্রুত সেখানে অভিযান পরিচালনা করে এবং ১৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়। পাচারকারী চক্রের মূল হোতা ও সহযোগীদের শনাক্ত এবং আটকের লক্ষ্যে উদ্ধারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ বিষয়ে বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ সাঈদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাগরপথে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে সংগৃহীত ও জড়ো করা ১৬ জনকে উদ্ধার করা হয়েছে। এ পাচার ঘটনার সাথে জড়িত চক্রটির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপরাধীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

