চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার দক্ষিণ রূপকানিয়া দানুমার ঘাটে ডলু নদীর ওপর একটি স্থায়ী সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, দক্ষিণ রূপকানিয়ার দানুমার ঘাট সাতকানিয়া পৌরসভার সঙ্গে সংযোগের একটি গুরুত্বপূর্ণ পথ। কিন্তু ডলু নদীর ওপর একটি সেতু না থাকায় বছরের পর বছর ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন বাঁশের সাঁকো ব্যবহার করতে হয়। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরো ভয়াবহ হয়ে ওঠে। তখন স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নৌকায় করে নদী পারাপার করতে হয়, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।
বক্তারা আরো বলেন, এই নদীর ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ হলে শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে না বরং পৌরসভার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনের মাধ্যমে এলাকার ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. ইসহাক, ইউপি সদস্য নাসির উদ্দিন, আবদুস ছবুর, সিবলু, আহমদ হোসেন, আজিজুল হক ও আবু তাহের।
কর্মসূচি শেষে এলাকাবাসীর একটি প্রতিনিধি দল সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের কাছে স্মারকলিপি প্রদান করে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

