নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে রেলপথ অবরোধ

নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ দ্রুত সময়ের মধ্যে চালুর দাবিতে রেলপথ অবরোধ করেছেন ছাত্র-জনতা। রোববার (৪ মে) সকাল ৬টা থেকে ৭টা পর্যন্ত মাইজদী কোর্ট স্টেশনে সাধারণ জনগণের ব্যানারে শিক্ষার্থী ও সাধারণ জনতা রেললাইনে অবস্থান নেন।

বিজ্ঞাপন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আরিফুল ইসলাম বলেন, ২০২৩ সালে নোয়াখালী-ঢাকা রুটে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ বরাদ্দ দেওয়া হলেও এখনও তা চালু হয়নি। এই রুটের যাত্রীরা প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন। ফলে বাস সিন্ডিকেট নানাভাবে সাধারণ মানুষকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া নিচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, চাকরিজীবী ও রোগীদের জন্য নির্ভরযোগ্য ট্রেন সার্ভিস অত্যন্ত জরুরি।

অবরোধে অংশ নেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অপর নেতা আবু সুফিয়ান বলেন, আমরা বহুদিন ধরে এই ট্রেনের অপেক্ষায় আছি। অথচ কোনো অজানা কারণে ট্রেন চালু করা হচ্ছে না। তাই বাধ্য হয়েই আমরা শান্তিপূর্ণ আন্দোলনে নেমেছি। ১০ দিনের মধ্যে কোনো আশ্বাস না পেলে আমাদের আন্দোলন আরও কঠোর হবে।

নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান জানান, এই দাবি আমাদের দীর্ঘদিনের। নোয়াখালীতে ‘সুবর্ণচর এক্সপ্রেস’ চালুর দাবিতে দীর্ঘদিন থেকে জাতীয়তাবাদী যুবদল ছাত্রদলসহ দলের সকল অঙ্গ সংগঠন বিভিন্নভাবে আন্দোলন করছি এবং বর্তমানেও আমরা এ দাবি নিয়ে সোচ্চার রয়েছি।

নোয়াখালী জেলা বিএনপি আহ্বায়ক মাহবুব আলমগীর আলো বলেন, নোয়াখালীকে বিভাগে রূপান্তর, যাত্রী সাধারণের বিড়ম্বনা লাগাবে ‘সুবর্ণ এক্সপ্রেস’ ট্রেন চালু, ইকোনোমিক জোন স্থাপন ও গ্রেটার নোয়াখালী অঞ্চল প্রবাসী অধ্যুষিত হওয়ায় এখানে আন্তর্জাতিকমানের বিমানবন্দর স্থাপনের দাবি এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের। নোয়াখালী সদরে বর্তমানে একটি টেম্পোরারি বিমানবন্দর আছে। এটিকেও আন্তর্জাতিকমানের বিমানবন্দরে রুপ দেওয়া যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই অঞ্চলের মানুষের সকল যৌক্তিক ও ন্যায্য দাবি বাস্তবায়নে দীর্ঘদিন থেকে আন্দোলন সংগ্রাম করে আসছে এবং আগামীতেও সকল দাবি বাস্তবায়নে কাজ করবে ইনশাল্লাহ।

এ ব্যাপারে মাইজদী কোর্ট স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ কামরুজ্জামান বিকেল সাড়ে ৫টার সময় জানান, সকাল ৬টায় নোয়াখালীর একমাত্র উপকূল এক্সপ্রেস ট্রেন ছেড়ে যাওয়ার কথা থাকলেও অবরোধের কারণে ছেড়ে যায়নি। বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। পরে সকাল সাড়ে ৭টায় অবরোধ তুলে নিলে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। ট্রেনটি ঢাকায় গিয়ে পৌঁছেছে দুপুর দেড়টায়, সেটি ফের বেলা সাড়ে তিনটায় নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন