বৃদ্ধাকে থানার ছাদে তুলে জেরা, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

বৃদ্ধাকে থানার ছাদে তুলে জেরা, মামলা তুলে নিতে হুমকির অভিযোগ
ছবি: সংগৃহীত

কুমিল্লার হোমনা উপজেলায় ৭৮ বছর বয়সী এক বৃদ্ধাকে থানার চারতলা ভবনের ছাদে নিয়ে জেরা করা এবং মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বিরুদ্ধে।

অভিযুক্ত ওই কর্মকর্তা হলেন হোমনা থানার এসআই তাপস কুমার সরকার। ভুক্তভোগী শামফুলের নেছা উপজেলার শ্রীমদ্দি গ্রামের বাসিন্দা এবং সহিদুল্লাহর স্ত্রী।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে নিজের ছেলে ও পুত্রবধূদের হাতে মারধরের শিকার হন শামফুলের নেছা। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করলে অভিযুক্তদের পক্ষ নিয়ে তাকে হয়রানির অভিযোগ ওঠে দায়িত্বপ্রাপ্ত এসআই তাপস কুমারের বিরুদ্ধে।

এদিকে, ঘটনার একটি ভিডিও স্থানীয় এক সাংবাদিকের হাতে পৌঁছেছে, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যায়, এসআই তাপস কুমার ও তার এক সহযোগী বাদীকে থানার চারতলা একটি ভবনের ছাদে নিয়ে যান। সেখানে তাকে বিভিন্নভাবে জেরা করা হয় এবং শরীরের আঘাতের চিহ্ন দেখাতে বলা হয়। একই সঙ্গে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগের অভিযোগও রয়েছে।

ভিডিওতে আরও দেখা যায়, ওই পুলিশ কর্মকর্তার হাতে সিগারেট ছিল এবং তিনি অশালীন ভাষায় গালিগালাজ করছেন।

ভুক্তভোগী শামফুলের নেছা বলেন, আমি মারধরের শিকার হয়ে থানায় অভিযোগ করলে এসআই আসামিদের থেকে টাকা খেয়ে আমাকে থানার চার তলার ছাদে নিয়ে জেরা করে। মামলা তুলে নিতে হুমকি দেয়, আমার শরীরে মাইরের চিহ্ন দেখতে চায়। আমি সঠিক বিচার পাওয়া তো দূরে থাক উলটা আমার উপর অত্যাচার বেড়ে যায়।

হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া আমার দেশকে বলেন, চার তলা ছাদে নিয়ে জিজ্ঞাসাবাদ করে সে বিধি বহির্ভূত কাজ করেছে, যা সে করতে পারে না। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অভিযুক্ত এসআই তাপস কুমারকে এ বিষয়ে জনতে একাধিকবার কল দিলেও তিনি কল রিসিভ করেননি। সাংবাদিকের কল দেখে তিনি কেটে দেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন