আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

কক্সবাজারের ৫ম পৌরসভা হতে যাচ্ছে ‘পেকুয়া’

জেলা প্রতিনিধি, কক্সবাজার

কক্সবাজারের ৫ম পৌরসভা হতে যাচ্ছে ‘পেকুয়া’

ভোটের মাঠে নিজের জন্মভূমির মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন পেকুয়া হবে কক্সবাজার জেলার ৫ম পৌরসভা। তিনি অতীতে বিএনপি সরকারের সময়ে পেকুয়াকে উপজেলা করিয়ে দেখিয়েছিলেন। এখন সেই উপজেলা সদরকে করতে যাচ্ছেন পৌরসভা। কক্সবাজারে মানুষের মুখে জনশ্রুতি আছে-সালাহউদ্দিন আহমদ যা বলেন তা-ই করে দেখান।

সালাহউদ্দিন আহমদের নিজের বাড়ি পেকুয়া উপজেলা সদরে। যখন প্রতিশ্রুতি দিচ্ছিলেন তখন তিনি ছিলেন কেবল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। এখন তিনি বর্তমান সরকারের তৃতীয় সর্বোচ্চ পদ ‘স্বরাষ্ট্র মন্ত্রী’ হিসেবে দায়িত্ব পালন করছেন।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদের নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি সরকার গঠনের পরপরই দ্রুত সময়ের মধ্যে পেকুয়াকে পৌরসভা করার কার্যক্রম শুরু করা হয়েছে। তারই অংশ হিসেবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জোর তৎপরতা শুরু করেছে পেকুয়া উপজেলা প্রশাসন। ধারণা করা হচ্ছে- দ্রুততর সময়ের মধ্যে গঠিত হতে যাচ্ছে কক্সবাজার জেলার ৫ম পৌরসভা পেকুয়া।

সুত্র বলছে, সম্প্রতি দিনব্যাপী উপজেলা সদর ও সংলগ্ন এলাকায় প্রস্তাবিত পৌরসভার সম্ভাব্য প্রশাসনিক এলাকা নির্ধারণের লক্ষ্যে সীমানা যাচাইয়ে সমীক্ষা করা হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসকের এক আদেশে এই কার্যক্রম পরিচালনা করেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব আলম মাহবুব।

ইউএনও মাহবুব আলম বলেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ডিউ অনুযায়ী পেকুয়া পৌরসভা বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে সীমানাসহ কিছু প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছে। সে অনুযায়ী আমরা কর্মতৎপরতা শুরু করেছি।

তিনি মনে করেন, খুব দ্রুত সময়ের মধ্যে পৌরসভার কার্যক্রম শুরু হবে।

পেকুয়া পৌরসভা গঠনে সমীক্ষাকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুরুল আখতার নিলয়, পেকুয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম বাহাদুর শাহসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ২০০১ সালে খালেদা জিয়ার সরকারে যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব নিয়ে নিজের জন্মভূমি পেকুয়াকে উপজেলা হিসেবে বাস্তবায়ন সালাহউদ্দিন আহমদ। গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চকরিয়া-পেকুয়া নিয়ে গঠিত কক্সবাজার-০১ আসন থেকে বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে চতুর্থবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। জনশ্রুতি আছে, যতদিন বেঁচে থাকবেন এই আসনে তিনিই সংসদ সদস্য নির্বাচিত হতে থাকবেন। এবারের নির্বাচনেও তিনি জামায়াতে ইসলামির প্রার্থী আবদুল্লাহ আল ফারুককে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

সেই নির্বাচনে ভোটের প্রচারকালে সালাহউদ্দিন আহমদ পেকুয়াকে পৌরসভা করার ঘোষণা দিয়েছিলেন, আর স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব নেয়ার মাত্র কয়েকদিনের মধ্যেই পৌরসভা রূপান্তরের কাজ শুরু হয়েছে।

কক্সবাজার জেলায় বর্তমানে চারটি পৌরসভা বিদ্যমান রয়েছে। সে গুলো হলো কক্সবাজার, চকরিয়া, টেকনাফ ও মহেশখালী। এই জেলায় বর্তমানে ৯টি উপজেলা রয়েছে। মাতামুহুরী নামে আরো একটি উপজেলা গঠন হতে যাচ্ছে, যা সালাহউদ্দিন আহমদের আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন