টানা কয়েক দিনের ভারি বর্ষণ, জোয়ারে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় নোয়াখালীর হাতিয়ায় প্রায় ২৫ হাজার হেক্টর ফসলি জমি পানিতে তলিয়ে গেছে। আউস ধান, আমনের বীজতলা, মৌসুমি সবজি, ফল, মরিচ ও পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ৮০ হাজার কৃষক আর্থিক সংকটে পড়েছেন। কৃষি বিভাগের প্রাথমিক হিসাবে এর পরিমাণ ৩০ কোটি টাকার বেশি হতে পারে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২১ হাজার ৫২০ হেক্টর আউস ধান, ১ হাজার ৯২০ হেক্টর আমনের বীজতলা, ৯৫০ হেক্টর মৌসুমি শাকসবজি, ৫৮ হেক্টর ফলের বাগান, ৪ হেক্টর মরিচ এবং ১০ হেক্টর পানের বরজ ক্ষতিগ্রস্ত হয়েছে।
চরকিং ইউনিয়নের চরকৈলাশ গ্রামের কৃষক কামাল উদ্দিন জানান, ১০ দিন আগে ৩০ শতাংশ জমিতে ৬০ কেজি আমনের বীজ বপন করেছিলেন। কিন্তু টানা বৃষ্টিতে পুরো বীজতলা পানির নিচে তলিয়ে যায়। পরে চারদিকে উঁচু আড়ি বেঁধে পানি নিষ্কাশনের চেষ্টা করলেও বীজতলা রক্ষা করা যায়নি। পানি নেমে যাওয়ার পর ধানের চারা নুয়ে পড়তে শুরু করেছে। এখন নতুন করে বীজ বপনের কথা ভাবছেন তিনি, যার জন্য অতিরিক্ত অর্থের প্রয়োজন হবে।
শুধু কামাল উদ্দিনই নন, উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকদের অবস্থাও একই। বিশেষ করে সবজি উৎপাদনের জন্য পরিচিত চরকিং ও চরঈশ্বর ইউনিয়নের অধিকাংশ সবজিক্ষেত পানিতে তলিয়ে গেছে।
চরঈশ্বর ইউনিয়নের পূর্ব গামছাখালী গ্রামের কৃষক হকসাব জানান, প্রায় এক একর জমিতে ঝিঙা চাষ করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টিতে গাছের গোড়া পচে গেছে। এখন জমি থেকে গাছ তুলে ফেলতে হচ্ছে।
তিনি বলেন, ‘এনজিও থেকে ঋণ নিয়ে প্রায় ২ লাখ টাকা খরচ করে সবজি চাষ করেছি। এখনো বিক্রি করার মতো ফসল পাইনি। উল্টো পানি নিষ্কাশন ও শ্রমিকের পেছনে আরও টাকা ব্যয় হয়েছে। সরকারি সহায়তা পেলে আবার চাষ শুরু করতে পারব, না হলে বেকার হয়ে থাকতে হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল বাছেদ সবুজ আমার দেশকে বলেন, প্রতিটি ইউনিয়নে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত কৃষকদের পরামর্শ দিচ্ছেন। টানা বৃষ্টিতে হাতিয়ায় কৃষি খাতে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। ইতোমধ্যে ইউনিয়নভিত্তিক ক্ষয়ক্ষতির বিস্তারিত প্রতিবেদন জেলা কৃষি অফিসে পাঠানো হয়েছে। আশা করছি, দ্রুত ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য সরকারি বরাদ্দ পাওয়া যাবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

