চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পারিবারিক বিরোধের জেরে ছেলের ছুরিকাঘাতে এক পিতার মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার (২৩ মে) বিকেলে উপজেলার ৫নং ছিন্নমূল সমাজ এলাকার বেবি আপার গলিতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ—বিশেষ করে ছেলের দাম্পত্য জীবনকে কেন্দ্র করে ৬৩ বছর বয়সী নুরুল্লাহ ও তার ছেলে শফিউল্লাহর মধ্যে উত্তেজনা ও বিরোধ চলছিল। সম্প্রতি ছেলের স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যাওয়ার পর পারিবারিক এই দ্বন্দ্ব আরও তীব্র আকার ধারণ করে। ঘটনার দিন বিকেলে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজিত হয়ে ছেলে শফিউল্লাহ তার পিতা নুরুল্লাহকে ছুরিকাঘাত করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা নুরুল্লাহকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুরুল্লাহর বাড়ি মহেশখালী উপজেলায় হলেও তিনি দীর্ঘদিন ধরে পরিবারসহ জঙ্গল সলিমপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।
ঘটনার পরপরই অভিযুক্ত ছেলে শফিউল্লাহ পালিয়ে যায়। এরপর থেকে তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ সোহেল রানা আমার দেশকে বলেন, পারিবারিক বিরোধ, একই বাসায় বসবাস, ছেলের বেকারত্ব এবং স্ত্রীর বাবার বাড়ি চলে যাওয়ার ঘটনা, সব মিলিয়ে দীর্ঘদিন ধরে বাবা-ছেলের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এরই ধারাবাহিকতায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়।
এ বিষয়ে সীতাকুণ্ড থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন আমার দেশকে বলেন, এখনো থানায় মামলা দায়ের হয়নি এবং অভিযুক্তকেও গ্রেপ্তার করা সম্ভব হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং আসামিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

