জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

জরাজীর্ণ ভবনে ঝুঁকি নিয়ে চলছে চিকিৎসাসেবা

বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে । প্রতিদিন ছাদ থেকে আস্তর খসে পড়ছে । ঝুঁকিপূর্ণ ভবনেই চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে রোগীদের। ছাদের পলেস্তারা খসে পড়ে অনেকেই আহত হয়েছেন। নার্স ও ওয়ার্ডের পরিচ্ছন্নতাকর্মীরা বলেন, ভয় ও মৃত্যুঝুঁকির মধ্যেই থাকতে হচ্ছে তাদের। বেশ কয়েকবার ছাদের বিভিন্ন স্থান থেকে পলেস্তারার খণ্ড খসে পড়েছে। এছাড়া জনবল সংকটে ভেঙে পড়েছে চিকিৎসাসেবা ।

সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, ভর্তি রোগীদের পাশাপাশি জরুরি বিভাগেও রয়েছে রোগীর চাপ। শয্যার সংকটের কারণে অনেক রোগীকে মেঝেতে চিকিৎসা নিতে দেখা যায়। বিশেষ করে শিশু রোগীর সংখ্যা বেশি। তাদের মধ্যে নিউমোনিয়া, ডায়রিয়া ও ডেঙ্গু আক্রান্ত রোগী রয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। রোগী ও স্বজনদের অভিযোগ, একদিকে অতিরিক্ত রোগীর চাপ, অন্যদিকে প্রয়োজনের তুলনায় ওষুধের স্বল্পতা এবং চিকিৎসক-নার্সসহ জনবল সংকটের কারণে সেবাদানে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

বিজ্ঞাপন

এ বিষয়ে বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুমিনুল হক বলেন, প্রতিদিন শয্যার বিপরীতে প্রায় দ্বিগুণ রোগীকে সেবা দিতে সবাই হিমশিম খাচ্ছেন। হাসপাতালে সেবার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় জনবল, ওষুধ ও যন্ত্রপাতি সরবরাহ করা খুব জরুরি বলেও জানান তিনি।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. পিনাকী চক্রবর্তী, স্বাস্থ্য কমপ্লেক্সের সীমানাপ্রাচীর নির্মাণ, নতুন করে হাসপাতাল ভবন নির্মাণ, অভ্যন্তরীণ সড়ক সংস্কার, রোগীদের জন্য নিজস্ব অক্সিজেন প্ল্যান্ট স্থাপন এবং পর্যাপ্ত সরকারি ওষুধ ও ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা জরুরী হয়ে পড়েছে বলে মন্তব্য করেন ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন