বান্দরবানের থানচিতে ফিরেছেন নাফাখুম ও আমিয়াখুম এলাকায় আটকা ৯০ পর্যটক। উপজেলা নির্বাহী অফিসারের প্রচেষ্টায় মঙ্গলবার বিকেল ৪টায় রেমাক্রী ও পদ্মমুখ পথ হয়ে তারা থানচি সদরে পৌঁছান।
থানচি টুরিস্ট গাইড সমিতির সাবেক সাধারণ সম্পাদক মামুনুর রশীদ জানান, উপজেলা প্রশাসনের নির্দেশনায় থানচি ঘাট হয়ে রেমাক্রী ও পদ্মমুখ এলাকায় আটকে থাকা পর্যটকদের উদ্ধারে তৎপরতা শুরু হয়। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে লাইফ জ্যাকেটসহ প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী নিয়ে গাইডদের একটি বিশেষ টিম দুর্গম এলাকায় রওনা দেয়। পরবর্তীতে আটকে থাকা ৯০ জন পর্যটককে ধাপে ধাপে নৌকার মাধ্যমে নিরাপদে বিকেল ৪টার দিকে থানচি সদরে নিয়ে আসা হয়।
তবে মামুনুর রশীদ আরো জানান, উপজেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলোতে এখনও কিছু পর্যটক আটকে রয়েছেন বলে তারা খবর পেয়েছেন।
থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আব্দুল আল ফয়সাল নিশ্চিত করে জানান, আমিয়াখুম ও নাফাখুমে যেসব পর্যটক আটকে পড়েছিলেন, প্রশাসনের পক্ষ থেকে তাদের সবাইকে নিরাপদে থানচি সদরে ফিরিয়ে আনা হয়েছে।
বাকি পর্যটকদের বিষয়েও প্রশাসন ও স্থানীয় গাইডরা সতর্ক নজর রাখছেন বলে জানা গেছে।
এদিকে জেলায় গত কয়েকদিন ধরেই মুষলধারে বৃষ্টিপাত হচ্ছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বান্দরবানে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে আজ। একই সাথে উজানে পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাত কমেছে। বর্তমানে শহরে বৃষ্টি অব্যাহত থাকায় সাঙ্গু নদীসহ বিভিন্ন পাহাড়ি খালের পানি বৃদ্ধি পেয়ে তীব্র ঢলের সৃষ্টি হয়। এর ফলেই মূলত দুর্গম পর্যটন কেন্দ্রগুলোতে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হয় এবং পর্যটকরা আটকে পড়েন।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

