জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ইভেন্টের মাধ্যমে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) প্রশিক্ষণের সুযোগ পাওয়া বাঁশখালী ক্রিকেট একাডেমির ইমরান হোসেন তানভীরকে সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
সোমবার বিকেলে বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন, তানভীরের এই গৌরবোজ্জ্বল অর্জন বাঁশখালীর ক্রিকেটের জন্য এক অনন্য অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে।
কৃতি ক্রিকেটার তানভীরের এই অর্জনে সন্তোষ প্রকাশ করে তারা তার ভবিষ্যৎ ক্রীড়া জীবনের সর্বাঙ্গীন সাফল্য কামনা করেন। একই সাথে তানভীরের এই সাফল্য বাঁশখালীর অন্যান্য তরুণ ও শিক্ষার্থীদের খেলাধুলায় আরও উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তারা।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা, সাবেক পৌর মেয়র কামরুল ইসলাম হোসাইনী, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী ও বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
ইমরান হোসেন তানভীর বাঁশখালী ক্রিকেট একাডেমির একজন নিয়মিত ও কৃতি ছাত্র। জাতীয় পর্যায়ের ‘নতুন কুঁড়ি স্পোর্টস, ২০২৫-২৬’ (সিজন-১)-এ অংশগ্রহণ করে তিনি চট্টগ্রাম জেলা থেকে বিকেএসপিতে দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য মনোনীত হন। তার এই অভূতপূর্ব সাফল্যে বাঁশখালী ক্রিকেট একাডেমি, পরিবার ও স্থানীয় ক্রীড়াঙ্গনে বইছে আনন্দের আমেজ।
বাঁশখালী ক্রিকেট একাডেমির কোচ মোহাম্মদ এরশাদ জানান, সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও তানভীরের এই অর্জন বাঁশখালীর ঝরে পড়া ও উদীয়মান ক্রিকেটারদের জন্য বড় একটি অনুপ্রেরণা। কঠোর পরিশ্রম ও অনুশীলনের মাধ্যমে সে ভবিষ্যতে জাতীয় দলের হয়ে আরও বড় মঞ্চে দেশের মুখ উজ্জ্বল করবে—এমনটাই আমাদের প্রত্যাশা।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

