কুমিল্লায় ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

কুমিল্লায় ভুল চিকিৎসায় যুবকের মৃত্যুর অভিযোগ, হাসপাতালে ভাঙচুর

কুমিল্লা নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভুল চিকিৎসায় এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার (১৬ মার্চ) রাতে কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে এ ঘটনা ঘটে। মৃত্যুর পরপরই ওই যুবকের স্বজনেরা ভুল চিকিৎসার অভিযোগ তুলে হাসপাতালে ভাঙচুর করে।

বিজ্ঞাপন

মৃত ইমরান হোসেন (২১) কুমিল্লা নগরীর ১৪ নম্বর ওয়ার্ড দ্বিতীয় মুরাদপুর এলাকার দুবাই প্রবাসী হুমায়ুন মিয়ার ছেলে।

স্বজন সূত্রে জানা যায়, ইমরান হোসেন দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। কুমিল্লা নগরীর ট্রমা হাসপাতালে ডা. আতাউর রহমানের কাছে চিকিৎসা নিতে এলে তিনি তাকে সার্জারি করার পরামর্শ দেন।

শুক্রবার (১৪ মার্চ) সকাল আটটায় তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয়। চার ঘণ্টার কথা জানালেও অপারেশন সম্পন্ন হয় সাত ঘণ্টায়। পরে রোগীর অবস্থার অবনতি হলে তাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়। রোববার বিকালে রোগীর কোনো সাড়াশব্দ না পাওয়ায় মারা গেছে দাবি করলেও হাসপাতাল কর্তৃপক্ষ তাকে লাইফ সাপোর্টে নেয়ার কথা বলে। বিকাল পার হয়ে সন্ধ্যা হয়ে গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর মৃত্যুর বিষয়টি নিয়ে মুখ খোলেনি। বরং আরো পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং বাইরে থেকে স্বজনদের দিয়ে ওষুধ আনায় রোগীর জন্য।

ইমরানের চাচা জাকির হোসেন বলেন, আমার ভাতিজাকে তারা সামান্য অপারেশনের কথা বলেছিল। কিন্তু, তারা সাত ঘণ্টা ওটিতে রেখেছিল। পরে রোগীর সমস্যা হয়েছে জানিয়ে লাইফ সাপোর্টে নেয়ার কথা বলে। আমরা রাজি হই। লাইফ সাপোর্টে নেয়ার পর প্রায় ৩ দিন হয়ে গেলেও তারা আমাদের রোগীকে দেখতে দেয়নি। পরে আইসিউতে ঢুকে দেখি যে আমাদের রোগী মৃত। তারা আমাদের ২৫ হাজার টাকায় অপারেশনের কথা বলে প্রায় সাড়ে ৩ লাখ টাকা নেয় ধাপে ধাপে। একজন রোগীর তিন দিনে লাখ টাকার ওষুধ কীভাবে লাগে। তাদের গাফিলতির কারণে আমাদের রোগী মারা গেছে। আমরা এর বিচার চাই।

এদিকে, রোগী মারা যাওয়ার খবর জানাজানি হলে বিক্ষুব্ধ স্বজনরা হাসপাতাল ভাঙচুর করেছে। এই মুহূর্তে সেনাবাহিনী হাসপাতাল ঘিরে রেখেছে।

হাসপাতাল কর্তৃপক্ষ পালিয়ে যাওয়ায় তাদের বক্তব্য নেয়া যায়নি।

এ বিষয়ে কুমিল্লা জেলা সিভিল সার্জন ডা. আলী নূর মো. বশির আহমেদ বলেন, 'আমি এই বিষয়টি শুনেছি। এ বিষয়ে লিখিত অভিযোগ দেওয়া হলে তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। আমরা একটি তদন্ত কমিটি করব।'

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন