পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন

উপজেলা প্রতিনিধি, রাজস্থলী (রাঙামাটি)

পাহাড়ে ঝুঁকিতে বাস করা বাসিন্দাদের সরাতে তৎপর প্রশাসন
ছবি: আমার দেশ

টানা ভারি বর্ষণে রাঙ্গামাটির রাজস্থলী উপজেলায় পাহাড়ধসের তীব্র ঝুঁকি দেখা দিয়েছে। বৈরী আবহাওয়া ও পাহাড়ধসের আশঙ্কা থেকে স্থানীয় বাসিন্দাদের জানমালের নিরাপত্তা রক্ষার্থে মাঠে নেমেছে উপজেলা প্রশাসন। ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসকারীদের দ্রুত নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিতে জোর তৎপরতা চালানো হচ্ছে।

গত পাঁচ দিনের টানা বর্ষণে উপজেলার ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের বিভিন্ন এলাকায় পাহাড়ধসের চরম আশঙ্কা তৈরি হয়েছে। সরজমিনে দেখা গেছে, পাহাড়ধসের ভয়াবহ ঝুঁকি থাকার পরও অনেক পরিবার এখনো পাহাড়ের পাদদেশে ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।

বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বুধবার সন্ধ্যায় রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পাদদেশে বসবাসকারী বাসিন্দাদের সার্বিক খোঁজখবর নেন এবং অতিবর্ষণ ও পাহাড়ধসের হাত থেকে বাঁচতে দ্রুত নিকটস্থ আশ্রয়কেন্দ্রে যাওয়ার অনুরোধ জানান। একই সঙ্গে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং ও প্রচারণাও চালানো হচ্ছে। দুর্যোগ মোকাবিলায় স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন রাজস্থলী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা প্রদীপ ত্রিপুরা, উপসহকারী প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের সহকারী মো. গোফরান এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ। দুর্যোগকালীন যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসের একটি চৌকস দল মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে।

রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউসুফ হাসান জানান, টানা ভারি বর্ষণে সাধারণ মানুষের জানমালের ক্ষতি রোধ করতে উপজেলার তিনটি ইউনিয়নে মোট ৯টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে আশ্রয়কেন্দ্রগুলোতে প্রায় ৪০ জন বাসিন্দা আশ্রয় গ্রহণ করেছে। ঝুঁকিপূর্ণ স্থানে থাকা বাকি লোকজনকেও দ্রুত নিরাপদ আশ্রয়ে নিয়ে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...