একসময় সীমান্তের অতন্দ্র প্রহরী ছিলেন। পরিবারের বড় সন্তান বলে সংসারের দায়িত্বও সামলাতে হয়েছে। ছোট ভাইবোনদের পড়ালেখা থেকে শুরু করে যাবতীয় দায়িত্বও পালন করেছেন সুচারুরূপে। এখন তিনি অবসরে। গ্রামের বাড়িতে থাকাই এখন তার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সন্ত্রাসী আপন দুই ভাইয়ের কারণে তার পরিবার এখন অতিষ্ঠ। এই জীবন-পরিক্রমা চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মোশাররফ হোসেন ভুঁইয়ার (৬৮)।
যে ভাইদের কোলেপিঠে করে মানুষ করেছেন, তারাই আজ দানবীয় রূপে হাজির। কারণ তারা এখন স্বাবলম্বী। সন্ত্রাসী দুই ভাইয়ের হাত থেকে বাঁচতে এবং মাথা গোঁজার ঠাঁই রক্ষার্থে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
অবসরপ্রাপ্ত মোশারফ হোসেন ভূঁইয়া চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পাড়া গাব্দেরগাঁও গ্রামের মৃত আবদুর রহমান ভূইয়ার বড় ছেলে। ভাইদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য স্থানীয়ভাবে কয়েকবার সালিশ বৈঠক হলেও সমাধান না হওয়ায় ১৫ জুন রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন তিনি।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্র ও সরেজমিন জানা যায়, মোশারফ হোসেন ভূঁইয়া পরিবারের বড় সন্তান। তিনি বিজিবিতে চাকরি জীবনে ভাইবোনদের পড়ালেখার খরচ মেটানোর পাশাপাশি পরিবারের হাল ধরেন। এখন পরিবারের সদস্যরা স্বাবলম্বী। বাড়ির পুকুরের পাশে পুরাতন একটি ঘরে বসবাস করছেন তিনি। পুকুর পাড়টি ভাঙনের ফলে তার বসতঘরটি হুমকির মুখে পড়ে। পরে ঘরটি স্থানান্তরের চেষ্টা করলে হয়রানি শুরু করেন আপন ছোট দুই ভাই সন্ত্রাসী জাকির ও আলতাফ। স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করলেও তাদের কারণে সম্ভব হয়নি।
মোশারফ হোসেন বলেন, চাকরি জীবনে বাবার পাশাপাশি পরিবারের হাল ধরেছিলাম। এখন পরিবারের সবাই স্বাবলম্বী হয়েছে। পুকুর পাড়ে বাবার রেখে যাওয়া ঘরটিতেই থাকতে হচ্ছে আমাকে। ঘরটির মেঝে ভাঙন দেখা দেয়ায় স্থানান্তরের চেষ্টা করলে আলতাফ ও জাকির বাধা দেয়। শনিবার (১৪ জুন) জাকির ও আলতাফ স্থানীয় সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার নতুন করে তোলা ঘরটি ভেঙে দিয়েছে।
এদিকে, অভিযুক্ত সন্ত্রাসী আলতাফ ও জাকিরকে বাড়িতে পাওয়া যায়নি। আলতাফের স্ত্রী আমেনা বেগম বলেন, আমাদের রাস্তার জন্য ঘরটি ভেঙে দেয়া হয়েছে। কারও ঘর ভাঙা ফৌজদারি অপরাধ। এরপরও কেন ঘর ভাঙা হয়েছে জিজ্ঞাসা করলে তিনি বলেন, এটা জাকির ও আলতাফ বলতে পারবে। আমি জানি না।
এদিকে স্থানীয়রা জানান, আলতাফ ও জাকির হোসেন সন্ত্রাসী প্রকৃতির। বড় ভাইকে তারা অন্যায়ভাবে হয়রানি করে আসছে। এলাকার কাউকে পাত্তা দেয় না। এলাকায় একটি চক্র গড়ে তুলে অপকর্ম করে বেড়ায় তারা। আপন ভাই বড় ভাইয়ের সঙ্গে যারা এমন করে তাদের বিচার হওয়া উচিত। দিন দিন তারা এলাকায় ভয়ংকর হয়ে উঠছে।
ইউপি সদস্য ফারুক হোসেন লিটন বলেন, মোশারফ হোসেন ভূঁইয়াকে তার দুই ভাই হয়রানি করছে।
ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ আলম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

