নামাজে উদ্বুদ্ধ করতে শিশু-কিশোরদের পুরস্কার দিল মসজিদ কমিটি

নামাজে উদ্বুদ্ধ করতে শিশু-কিশোরদের পুরস্কার দিল মসজিদ কমিটি

কুমিল্লার বুড়িচং পৌরসভার হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদে শিশু-কিশোরদের পাঁচ ওয়াক্ত নামাজে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে মসজিদ কমিটি। এ উদ্যোগের অংশ হিসেবে নিয়মিত মসজিদে নামাজ আদায়কারী শিশু-কিশোরদের পুরস্কার দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শুক্রবার জুমার নামাজ শেষে হরিপুর গ্রামের অর্ধশতাধিক শিশু-কিশোরের মধ্যে এ পুরস্কার বিতরণ করা হয়। আয়োজনে সহযোগিতা করেন হরিপুর গ্রামের ব্যবসায়ী মনিরুল ইসলাম।

পুরস্কার পাওয়া ৯ বছর বয়সী শিশু মোহাম্মদ হোসাইন বলেন, আমি চেষ্টা করি পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে এসে পড়ার জন্য। পুরস্কার পেয়ে খুবই ভালো লাগছে। আমার আম্মু-আব্বুও খুব খুশি হবে। যারা আমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন, তাদের ধন্যবাদ।

হরিপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ও সেনাবাহিনীর সাবেক সিনিয়র ওয়ারেন্ট অফিসার মো. ইউনুস বলেন, এলাকার ছোট ছোট শিশুরা খেলাধুলাসহ বিভিন্ন কাজে ব্যস্ত থাকে। তাদের নামাজের প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে।

মসজিদের ইমাম মাওলানা হারুনুর রশিদ বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে আল্লাহ তাআলা পুরস্কার দেবেন। শিশুদের নামাজে উদ্বুদ্ধ করতে যারা এ ধরনের আয়োজন করছেন, আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর কুমিল্লা প্রতিনিধি এম হাসান।

তিনি বলেন, শিশুদের ছোটবেলা থেকেই নামাজের প্রতি উদ্বুদ্ধ করা প্রয়োজন। এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। আমার বাবা এই মসজিদের সাধারণ সম্পাদক ছিলেন। আজ ব্যবসায়ী মনিরুল ইসলাম শিশুদের জন্য যে পুরস্কারের ব্যবস্থা করেছেন, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দিন।

আয়োজকরা জানান, শিশু-কিশোরদের নিয়মিত মসজিদে এসে নামাজ আদায়ে উৎসাহিত করা এবং ধর্মীয় শিক্ষার প্রতি তাদের আগ্রহ বাড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন