চু্ক্তি বৃহস্পতিবার

ডিপি ওয়ার্ল্ডের হাতেই যাচ্ছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল


ডিপি ওয়ার্ল্ডের হাতেই যাচ্ছে নিউমুরিং কনটেইনার টার্মিনাল
ছবি: সংগৃহীত

অবশেষে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব আগামী ১৫ বছরের জন্য বিদেশি অপারেটর ডিপি ওয়ার্ল্ডের হাতে যাচ্ছে।

বৃহস্পতিবার ঢাকায় ইনভেস্টমেন্ট বাংলাদেশ মিলনায়তনে এই চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। সেখানে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, ইনভেস্টমেন্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী ও ডিপি ওয়ার্ল্ডের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান উপস্থিত থাকবেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত ১ অক্টোবর এনসিটি পরিচালনায় আন্তর্জাতিক অপারেটর নিয়োগের জন্য ১৫ বছরের কনসেশন চুক্তির খসড়া নীতিগতভাবে অনুমোদন করে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

চট্টগ্রাম বন্দরের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্মিনালগুলোর একটি এনসিটি। গত অর্থবছরে এই টার্মিনালে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানো-নামানো হয়েছে, যা বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় ৪৪ শতাংশ।

এদিকে এনসিটি বিদেশি অপারেটরের হাতে দেওয়ার উদ্যোগের বিরোধিতা করে আন্দোলন করছেন বন্দরসংশ্লিষ্ট শ্রমিক ও বিভিন্ন সংগঠনের নেতারা। গত ৫ অক্টোবর বন্দর ভবনের সামনে দিনব্যাপী অবস্থান কর্মসূচি পালন করা হয়। আন্দোলনকারীরা চুক্তি বাতিলের দাবি জানিয়েছেন। চুক্তি করা হলে বন্দর কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা।

বর্তমানে নৌবাহিনী পরিচালিত চিটাগং ড্রাই ডক লিমিটেডের মাধ্যমে এনসিটি পরিচালিত হচ্ছে। বন্দরের অন্য তিনটি টার্মিনালের মধ্যে জেনারেল কার্গো বার্থ বা জিসিবি ও চিটাগং কনটেইনার টার্মিনাল বা সিসিটি দেশীয় অপারেটররা পরিচালনা করছে। পতেঙ্গা কনটেইনার টার্মিনাল পরিচালনা করছে সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল বা আরএসজিটিআই।

এমএইচ

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন