কুমিল্লার দাউদকান্দিতে ড্রেজারে বালু তোলার বিরুদ্ধে অভিযানের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটের ওপর হামলায় তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ লক্ষ্মীপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- উপজেলার সহকারী ভূমি কর্মকর্তা জয়নাল আবেদীন, মনির হোসেন ও দাউদকান্দি থানার এসআই মহসীন হোসেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম বলেন, লক্ষ্মীপুর এলাকায় অবৈধভাবে বালু তুলছিল অসাধু চক্র। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালালে আমাদের দিকে তেড়ে আসেন কয়েকজন লোক। একপর্যায়ে হামলা চালান তারা। এ সময় আমাকে বাঁচাতে এসে তিনজন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে।
দাউদকান্দি থানার ওসি জুনায়েদ চৌধুরী বলেন, ঘটনার সঙ্গে জড়িত মো. হাসান, স্ত্রী সেলিনা আক্তার ও শ্যালিকা সাথী আক্তারকে আটক করা হয়েছে। বাকিদেরও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

