কুমিল্লার দাউদকান্দিতে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের গ্রাহক, বিনিয়োগকারী ও ব্যবসায়ীদের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দাউদকান্দি পৌরসভা বাজারের আহম্মাদীয়া প্লাজার সামনে অবস্থিত ইসলামী ব্যাংকের শাখা কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক ও বিনিয়োগকারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ, ব্যাংকের স্থিতিশীলতা বজায় রাখা এবং বিভিন্ন দাবি আদায়ের বিষয়ে একাত্মতা প্রকাশ করেন। তারা বলেন, দেশের অর্থনীতিতে ইসলামী ব্যাংকের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই গ্রাহকের আস্থা, ব্যবসায়ীদের স্বার্থ এবং ব্যাংকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
বক্তারা আরও বলেন, ব্যাংক ও গ্রাহকের মধ্যে পারস্পরিক বিশ্বাস ও সহযোগিতার সম্পর্ক অটুট রাখতে হবে। একই সঙ্গে ইসলামী ব্যাংককে অনিয়ম, দুর্নীতি ও স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাবমুক্ত রাখার আহ্বান জানান তারা।
মানববন্ধনে বক্তব্য দেন ইসলামী ব্যাংকের অন্যতম শীর্ষ বিনিয়োগকারী ও বিশিষ্ট ব্যবসায়ী বিল্লাল মিয়াজী, রেজাউল হক সরকার, আবু বকর সিদ্দিক এবং ইসমাঈল হোসেন তালুকদার।
কর্মসূচির সঞ্চালনা ও পরিচালনা করেন বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী নাসির উদ্দিন আহমেদ।
ব্যবসায়ী নেতারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা বলেন, লাখো গ্রাহকের আস্থা ও আমানতের প্রতীক ইসলামী ব্যাংককে কোনো স্বার্থান্বেষী চক্রের হাতে পড়তে দেওয়া যাবে না। পাশাপাশি ব্যাংকের সুশাসন, স্বচ্ছতা ও গ্রাহকস্বার্থ রক্ষায় সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণেরও দাবি জানান তারা।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

