রোহিঙ্গাবোঝাই নৌকাডুবি

সাগরে ভেসে উঠল নিখোঁজ বিজিবি সদস্যের লাশ

সাগরে ভেসে উঠল নিখোঁজ বিজিবি সদস্যের লাশ

কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গাবোঝাই নৌকাডুবিতে উদ্ধারকাজে অংশ নিয়ে নিখোঁজ বিজিবি সদস্য মো. বিল্লাল হাসানের লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার শাহপরীর দ্বীপ গোলারচর এলাকার বঙ্গোপসাগর থেকে লাশটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিল্লাল কুমিল্লার মুরাদনগর উপজেলার কাজিরতলা গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি শাহপরীর দ্বীপ সীমান্ত ফাঁড়িতে সিপাহি হিসেবে কর্মরত ছিলেন।

বিজিবির ২ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান বলেন, আজ দুপুরে সাগরে বিল্লালের লাশ ভেসে ওঠে। পরে লাশটি উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, ২২ মার্চ রাতে মিয়ানমার থেকে পালিয়ে নৌকায় করে বাংলাদেশে আসছিলেন রোহিঙ্গারা। শাহপরীর দ্বীপ পশ্চিমপাড়া এলাকায় বঙ্গোপসাগরে নৌকাটি ভাসতে দেখে থামতে সংকেত দেন বিজিবি সদস্যরা। এ সময় উত্তাল সাগরের ঢেউয়ে নৌকাটি ডুবে যায়। তাদের চিৎকারে নারী-শিশুসহ ২৫ রোহিঙ্গাকে জীবিত উদ্ধার করা হয়। এতে নিখোঁজ হন বিজিবি সদস্য বিল্লালসহ আরও অনেক রোহিঙ্গা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন বলেন, এ ঘটনায় শিশুসহ চার রোহিঙ্গার লাশ ভাসমান পাওয়া গেছে। নিখোঁজদের উদ্ধারে কাজ করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তবে ডুবে যাওয়া নৌকায় অর্ধশতাধিক লোকজন ছিলেন বলে জানিয়েছেন উদ্ধার হওয়া রোহিঙ্গারা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন