কুমিল্লার তিতাস উপজেলার নতুন ভাটেরারচরে চর দখল নিয়ে তিতাস ও মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে টেটাযুদ্ধে এক নারী নিহত হয়েছেন। এঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
রোববার বিকেল সাড়ে ৫টার দিকে নতুন ভাটেরারচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কোহিনুর (৪৫) মেঘনা উপজেলার চর বিনোদপুর গ্রামের কাবিল মিয়ার স্ত্রী। সংঘর্ষ চলাকালে কোহিনুরের গলায় টেটা বিদ্ধ হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কাঠালিয়া নদীর দক্ষিণ পাড়ে জেগে ওঠা একটি চর দখলকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তিতাস এবং মেঘনা উপজেলার বাসিন্দাদের মধ্যে বিরোধ চলে আসছে। এর আগে একাধিকবার টেটাযুদ্ধ, লুটপাট ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে।
রোববার বিকেলে মেঘনা উপজেলার চর বিনোদপুর ও আলীপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নৌকাযোগে নতুন ভাটেরারচর গ্রামে লুটপাট ও ভাঙচুর করে বলে স্থানীয়দের দাবি । পরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়লে টেটাযুদ্ধের কোহিনুর নিহত হন।
খবর পেয়ে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নতুন ভাটেরারচর গ্রামের বাসিন্দারা আশঙ্কা করছেন, যে কোনো সময় আবারও সংঘর্ষ ঘটতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিতাস ও মেঘনা থানার পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে।
এমই
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

