সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

উপজেলা প্রতিনিধি, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

সীতাকুণ্ডে ১৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা আসলাম চৌধুরীর

চট্টগ্রামের সীতাকুণ্ডে ১ হাজার ৭০০ কোটি টাকার মেগা প্রকল্প ঘোষণা করেছেন আসলাম চৌধুরী এমপি। পৌর সদরের কেন্দ্রীয় ময়দানে ঈদুল আজহার প্রধান জামাতে এ ঘোষণা দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি জানান, আন্তর্জাতিক বেসরকারি অনুদানের মাধ্যমে এই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যার আর্থিক পরিমাণ প্রায় ১৩০ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা।

ঘোষিত মহাপরিকল্পনা অনুযায়ী, পৌর সদরে ৩০০ থেকে ৫০০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন কেন্দ্রীয় মডেল মসজিদ নির্মাণ করা হবে। এই মসজিদে নামাজ আদায়ের পাশাপাশি ইসলামিক শিক্ষা, গবেষণা, লাইব্রেরি, সাংস্কৃতিক কার্যক্রম ও সামাজিক কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।

ধর্মীয় অবকাঠামো উন্নয়ন, জনস্বাস্থ্য সুরক্ষা, সামাজিক সম্প্রীতি জোরদার এবং পর্যটন খাতকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

এছাড়া উপজেলার ৯টি ইউনিয়নে ৯টি আধুনিক আঞ্চলিক মসজিদ নির্মাণ করা হবে। যার প্রতিটির ব্যয় ধরা হয়েছে ৩০ থেকে ৫০ কোটি টাকা। পাশাপাশি চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত পাহাড়তলী ও কর্নেলহাট এলাকায় আরো দুটি আধুনিক মসজিদ নির্মাণের পরিকল্পনা রয়েছে।

গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের পুরোনো, জরাজীর্ণ ও অসমাপ্ত মসজিদগুলো সংস্কারের জন্যও বিশেষ বরাদ্দ রাখা হয়েছে। প্রতিটি মসজিদের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি টাকা পর্যন্ত উন্নয়ন সহায়তা প্রদান করা হবে বলে জানান আসলাম চৌধুরী।

ধর্মীয় উন্নয়নের পাশাপাশি নাগরিক সুবিধা ও জনস্বাস্থ্য সুরক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই পরিকল্পনায়। পৌর সদরের ঐতিহ্যবাহী লালদীঘির চারপাশে একটি আধুনিক ওয়াকওয়ে নির্মাণের ঘোষণা দেওয়া হয়েছে, যেখানে সাধারণ মানুষ নিরাপদ পরিবেশে হাঁটা, ব্যায়াম ও অবসর সময় কাটানোর সুযোগ পাবেন।

এছাড়া সীতাকুণ্ডকে একটি আধুনিক পর্যটননগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। চন্দ্রনাথ পাহাড়, গুলিয়াখালী সমুদ্রসৈকত, বাঁশবাড়িয়া উপকূলসহ প্রাকৃতিক পর্যটনকেন্দ্রগুলোকে আধুনিক অবকাঠামোর মাধ্যমে আরও আকর্ষণীয় করে তোলা হবে বলে তিনি উল্লেখ করেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন