ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসন থেকে বিজয়ী বিএনপি প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। রাজনৈতিক প্রতিযোগিতার পর এমন সৌহার্দ্যপূর্ণ উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক বার্তা ছড়িয়েছে।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী সরাসরি আনোয়ার সিদ্দিকীর বাসভবনে গিয়ে কুশল বিনিময় করেন। এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে মিষ্টিমুখ করান ও শারীরিক খোঁজ-খবর নেন এবং তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন। পাশাপাশি ভবিষ্যতে এলাকার সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
আসলাম চৌধুরী বলেন, নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ হলেও এলাকার উন্নয়ন ও সমৃদ্ধির প্রশ্নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে জনগণের প্রত্যাশা পূরণে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন এবং এ ক্ষেত্রে আনোয়ার সিদ্দিকীর সহযোগিতা কামনা করেন।
জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। তিনি আশা প্রকাশ করেন, আসলাম চৌধুরী ভবিষ্যতে মন্ত্রীর দায়িত্ব লাভ করলে সীতাকুণ্ডসহ সংশ্লিষ্ট এলাকার উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন।
সাক্ষাৎকালে বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে নির্বাচনি এলাকার সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান।
রাজনৈতিক সৌজন্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এ উদ্যোগ স্থানীয় রাজনীতিতে ইতিবাচক সংস্কৃতির দৃষ্টান্ত স্থাপন করেছে বলে সংশ্লিষ্ট মহল মনে করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

