চট্টগ্রামের মিরসরাইয়ে অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে এক অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপারের (এএসপি) বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর গ্রামের শেখেরতালুক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার মতিন উল্লাহ জানান, শুক্রবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে খুন্তি (শাবল) দিয়ে বসতঘরের দরজার লক ভেঙে মুখোশ পরা ১০ থেকে ১২ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল ভেতরে প্রবেশ করে। এ সময় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ফেলে তারা। পরে ডাকাতেরা ৬ ভরি স্বর্ণালংকার, নগদ ৪০ হাজার টাকা, দুটি স্মার্টফোন, ওয়াই-ফাই রাউটার এবং কম্পিউটার (মনিটর ও সিপিইউ)-সহ আনুমানিক ১৫ লাখ টাকার মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। এ ছাড়া প্রমাণ নিশ্চিহ্ন করতে ডাকাতেরা ঘরের সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এর মনিটর ও ডিভাইস (হার্ডডিস্ক) খুলে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে মিরসরাই থানার ওসি ফরিদা ইয়াসমিন জানান, খবর পাওয়ার পর পরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারসহ লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

