চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বার আউলিয়া রয়েল গেটে চালকের গলায় ছুরি ধরে একটি প্রাইভেটকার নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বুধবার রাতের দিকে মিরেশ্বরাই সদরে ওভারব্রিজের নিচে যাত্রী ছাউনির সামনে থেকে ৪ জন যাত্রী ১৮ শত টাকায় চট্টগ্রামের সিটি গেইট ওয়ালটন শোরুমের সামনে যাবে বলে প্রাইভেট কারটি ভাড়া নিয়েছিল। সীতাকুণ্ড বার আউলিয়া এলাকায় রয়েল গেটের সামনে এলে ওই ৪ যাত্রীবেশী ছিনতাইকারী ড্রাইভারকে গলায় ছুরি ধরে মুখে গামছা বেঁধে বেধড়ক মারধর করে মহাসড়কে ফেলে দিয়ে প্রাইভেটকারটি নিয়ে যায়।
প্রাইভেটকারের চালক রাজিব হোসেন আমার দেশকে বলেন, আমি আমার একমাত্র সম্বল বসতবাড়ি বন্ধক রেখে ও ব্যাংক থেকে লোন নিয়ে ৭ মাস পূর্বে সাড়ে ১৪ লাখ টাকা দিয়ে গাড়িটি কিনেছিলাম। এখন আমি কি করবো আমার পরিবার পরিজন নিয়ে কীভাবে চলবো এ কথা বলেই হাউমাউ করে কান্না করতে থাকেন তিনি।
সীতাকুণ্ড থানা ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন বলেন, এক ড্রাইভার তার প্রাইভেটকার ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ করতে থানায় এসেছেন। অভিযোগ পেলে প্রাইভেটকার উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

