চট্টগ্রামের লোহাগাড়ায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল হকের বিরুদ্ধে বন্যার্তদের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন একই ইউনিয়ন পরিষদের ছয় সদস্য।
বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দেন তার।
অভিযোগকারীরা হলেন— আবু বক্কর সিদ্দিক, মামুনুর রশিদ চৌধুরী, শামসুল আলম, মো. রফিক, মোহাম্মদ ওসমান এবং সংরক্ষিত মহিলা সদস্য আনোয়ারা বেগম।
অভিযোগে বলা হয়, সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জরুরি খাদ্য সহায়তার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বড়হাতিয়া ইউনিয়নের জন্য ২ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়। তবে প্যানেল চেয়ারম্যান আজিজুল হক ওই চাল বিতরণ না করে আত্মসাৎ করেছেন বলে অভিযোগ করেন সদস্যরা।
তাদের দাবি, বরাদ্দকৃত চাল বিতরণ না হওয়ায় বন্যাকবলিত অনেক পরিবার সরকারি খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। বিষয়টি নিয়ে প্রতিবাদ জানালেও প্যানেল চেয়ারম্যান তা আমলে নেননি বলেও অভিযোগে উল্লেখ করা হয়।
ইউপি সদস্য আবু বক্কর সিদ্দিক বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য সরকারের দেওয়া চাল সাধারণ মানুষের মাঝে বিতরণ না করায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। বরাদ্দের বিষয়টি অন্যান্য সদস্যদের জানানো হয়নি এবং কোনো রেজুলেশনও করা হয়নি।
তবে অভিযোগ অস্বীকার করে প্যানেল চেয়ারম্যান আজিজুল হক বলেন, বরাদ্দকৃত চাল উত্তোলন করে সাধারণ মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। নেটওয়ার্ক সমস্যার কারণে সব সদস্যকে জানানো সম্ভব হয়নি। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সব সদস্যকে নিয়ে সমন্বয় করার কোনো নির্দেশনা ছিল না।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নাহিদ আহম্মেদ জাকির বলেন, বড়হাতিয়া ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের জন্য বরাদ্দকৃত চাল আত্মসাতের একটি অভিযোগের কথা শুনেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জেডএম
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

