নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় এমরান হোসেন রনি (২৮) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। একে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে মামলা গ্রহণের দাবিতে শনিবার বেলা ১১টায় কোম্পানীগঞ্জ উপজেলা চত্বরে মানববন্ধন করেছেন নিহতের পরিবার ও এলাকাবাসী। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে কোম্পানীগঞ্জ থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিক্ষোভকারীরা।
জানা গেছে, এমরান হোসেন রনির বাড়ি উপজেলার চরফকিরা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চরকচ্ছপিয়া গ্রামে। গত মঙ্গলবার বিকেলে তিনি রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে তার স্ত্রী লুৎফুন নাহার উর্মির নানাশ্বশুর ফজল হকের বাড়িতে যান। পরদিন বুধবার সকালে নানাশ্বশুরের বাড়ির পাশের একটি পুকুরপাড়ে গাছের সঙ্গে রনির ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
স্বজনদের অভিযোগ, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। কিন্তু ঘটনার পর থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। এরই প্রতিবাদে শনিবার সকালে উপজেলা চত্বরে বিশাল মানববন্ধন ও থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল করা হয়।
মানববন্ধনে বক্তব্য প্রদানকালে রনির ছোট বোন আয়েশা আক্তার বলেন, ‘আমার ভাই কোনো অবস্থাতেই আত্মহত্যা করেনি। রনির স্ত্রী লুৎফুন নাহার উর্মির সঙ্গে তার মামাতো ভাই শাকিলের দীর্ঘদিনের পরকীয়া ছিল। আমার ভাই সেই পরকীয়ার বলির শিকার হয়েছে। রনি তার স্ত্রী উর্মি ও শাকিলকে আপত্তিকর অবস্থায় নানার বাড়িতে দেখতে পেয়েছিল। এরপর থেকেই তাকে হত্যার পরিকল্পনা করা হয়। গত মঙ্গলবার ডেকে নিয়ে গিয়ে স্ত্রী উর্মি, শাকিল ও উর্মির নানা ফজল হক পরিকল্পিতভাবে তাকে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রাখেন। রনি যদি নিজেই আত্মহত্যা করত, তাহলে গলায় ফাঁস লাগা অবস্থায় তার পায়ে কীভাবে জুতা থাকে?’
রহস্যজনক এই মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে পুরো কোম্পানীগঞ্জে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিক্ষোভ ও মানববন্ধনে চরফকিরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম রাব্বানী বিপ্লব, সাবেক সাধারণ সম্পাদক রইছ উদ্দিন মাসুদ, সাবেক ইউনিয়ন যুবদলের সভাপতি শিহাব উদ্দিন রিপন, বর্তমান ইউনিয়ন যুবদলের সভাপতি আনোয়ার হোসেন রিপনসহ স্থানীয় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

