চট্টগ্রামের পটিয়া উপজেলায় ২৫ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে রপ্তানিকারক শিল্পপ্রতিষ্ঠান কেডিএস গ্রুপের পক্ষ থেকে যাকাতের নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে পটিয়া খলিল-মীর ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেডিএস গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট শিল্পপতি খলিলুর রহমান।
জানা যায়, পটিয়া উপজেলার জিরি সাইদাইর, কুসুমপুরা, কাশিয়াইশ, আশিয়া ও বড়লিয়া ইউনিয়নের ৩০টি গ্রামের ২৫ হাজার পরিবারের মাঝে এ নগদ অর্থ বিতরণ করা হয়। এর আগে রমজান মাসের শুরুতে ইফতার সামগ্রী এবং মাসের মাঝামাঝি সময়ে চাল বিতরণ করা হয়েছিল।
যাকাত বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেডিএস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, শিল্পপতি আহমেদুল হক, বাংলাদেশ মেম্বার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সেক্রেটারি আবুল হাশেম চৌধুরী, কুসুমপুরা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শওকত আকবর, ব্যাংকার মো. ফোরকানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে খলিলুর রহমান বলেন, যাকাত ইসলামের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ, যা সম্পদের পবিত্রতা নিশ্চিত করার পাশাপাশি সমাজে ধনী-গরিবের বৈষম্য কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি শুধু দান নয়, বরং একটি দায়িত্ব।
তিনি আরও বলেন, আল্লাহ তায়ালা প্রদত্ত সম্পদের নির্দিষ্ট অংশ অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষের মাঝে বণ্টন করা প্রত্যেক সামর্থ্যবান মানুষের কর্তব্য। এর মাধ্যমে সমাজে সাম্য, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে।
দেশের বিত্তশালীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাই নিজ নিজ অবস্থান থেকে যাকাত প্রদান করলে দারিদ্র্যমুক্ত ও মানবিক সমাজ গঠন সম্ভব।
যাকাতের নগদ অর্থ পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা জানান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

