লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

লামায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ শুরু

শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত, মাতৃদুগ্ধের উপকারিতা তুলে ধরা এবং স্তন্যদান বিষয়ে জনসচেতনতা বাড়াতে বান্দরবানের লামা উপজেলায় শুরু হয়েছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন।

বিজ্ঞাপন

রোববার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. উইলিয়াম মেমোরিয়াল হলে জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা পরিচালনা করেন স্বাস্থ্য পরিদর্শক সমীরণ বড়ুয়া।

‘জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান’ প্রতিপাদ্যে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ সোলায়মান।

আলোচনা সভায় বক্তব্য দেন মেডিকেল অফিসার ডা. মো. ফরহাদ উদ্দিন, ডা. সাইফুল ইসলাম, ডা. সাকিব হোসেন, ডা. দিপ্তী ত্রিপুরা এবং স্যানিটারি ইন্সপেক্টর খুকুমনি বড়ুয়া।

বক্তারা বলেন, মায়ের দুধ নবজাতকের জন্য সবচেয়ে আদর্শ ও পুষ্টিকর খাদ্য। এটি শিশুকে বিভিন্ন সংক্রামক রোগ থেকে সুরক্ষা দেয় এবং মানসিক ও শারীরিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি নিয়মিত স্তন্যদান মায়েদের স্তন ও ডিম্বাশয়ের ক্যানসারের ঝুঁকি কমাতেও সহায়ক।

তারা আরো বলেন, জন্মের পর থেকে প্রথম ছয় মাস পর্যন্ত শুধু মায়ের দুধই শিশুর পূর্ণাঙ্গ খাদ্য হিসেবে বিশ্বব্যাপী স্বীকৃত। শিশুর সুস্থ বিকাশ নিশ্চিত করতে এ বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বক্তারা।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন