সাংবাদিক আলমকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

সাংবাদিক আলমকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের (এনইউজে) সহ-সভাপতি ও ড. নুরুল করিম একাডেমির প্রতিষ্ঠাতা সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী সদর উপজেলার দাদপুর ইউনিয়নের বারিক মুন্সীর মোড়ে ড. নুরুল করিম একাডেমির সামনে স্থানীয় ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক এমবি আলম দীর্ঘদিন ধরে এলাকায় অনিয়ম, দুর্নীতি, মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখে আসছেন। সম্প্রতি নোয়ান্নই ইউনিয়নের ইসলামগঞ্জ বাজারে চুরির অভিযোগে এক প্রতিবন্ধী যুবককে নির্যাতনের ঘটনায় তিনি আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

পরবর্তীকালে ওই যুবকের লাশ উদ্ধারের পর ঘটনার ভিডিওটি ছড়িয়ে পড়লে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। বক্তাদের অভিযোগ, একটি স্বার্থান্বেষী মহল নিজেদের স্বার্থ হাসিলে এ ঘটনাকে কেন্দ্র করে উল্টো সাংবাদিক এমবি আলমের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালাচ্ছ।

সমাবেশে উপস্থিত বক্তারা বলেন, এমবি আলম শুধু সাংবাদিকতাই করেন না, তিনি এলাকায় নানা ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গেও জড়িত। বক্তারা বিভ্রান্তিকর অপপ্রচারে কান না দিয়ে প্রতিবন্ধী যুবক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে সাংবাদিকদের দায়িত্ব পালনে নিরপেক্ষ পরিবেশ ও সঠিক তদন্ত নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন