চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালের সরকারি অনুদানের প্রায় দুই কোটি ৩৯ লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে হাসপাতালটির সাবেক সভাপতি জাহাঙ্গীর চৌধুরী ও প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিনের বিরুদ্ধে। এ অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার চট্টগ্রামের দুদকের জেলা কার্যালয়-১-এ মামলাটি করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সবুজ হোসেন বাদী হয়ে দণ্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারায় মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপসহকারী পরিচালক সবুজ হোসেন।
মামলার এজাহারে বলা হয়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ থেকে ২০১৮-১৯ অর্থবছর থেকে চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালে বিভিন্ন খাতে সরকারি অনুদান দেওয়া হয়। বেতন-ভাতা, গরিব রোগীদের বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও অন্যান্য খাতে ব্যয়ের জন্য এ অর্থ দেওয়া হয়েছিল।
দুদকের অনুসন্ধানে দেখা যায়, ২০২০ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত হাসপাতালের নামে সোশ্যাল ইসলামী ব্যাংকের আন্দরকিল্লা শাখার একটি হিসাবে স্বাস্থ্যসেবা বিভাগের ১৮টি চেকের মাধ্যমে মোট দুই কোটি ৮০ লাখ টাকা জমা হয়। এর মধ্যে ১২টি চেকের মাধ্যমে প্রায় দুই কোটি ৩৯ লাখ টাকা জাহাঙ্গীর চৌধুরীর ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়।
এজাহার অনুযায়ী, ওই টাকা বাংলাদেশ কমার্স ব্যাংকের আগ্রাবাদ শাখায় জাহাঙ্গীর চৌধুরীর ব্যক্তিগত চলতি হিসাবে স্থানান্তর করা হয়। চেকগুলোতে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির তৎকালীন কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরীর স্বাক্ষর ছিল।
দুদকের অভিযোগ, সরকারি অনুদানের টাকা নির্ধারিত খাতে ব্যয় না করে ব্যক্তিগত হিসাবে স্থানান্তরের মাধ্যমে আত্মসাৎ করা হয়েছে। এ ক্ষেত্রে হাসপাতালের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর চৌধুরীকে সহযোগিতা করেছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

