আওয়ামী লীগ যাতে সরাইলে কোনো ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে—এমন হুঁশিয়ারি দিয়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে নেতাকর্মীরা মিছিল বের করেন। মিছিলটি সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বক্তারা বলেন, সরাইলের মাটিতে আওয়ামী লীগের কোনো ধরনের অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। কেউ পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তা প্রতিহত করবেন।
সমাবেশে অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর টপু বলেন, ‘শান্ত সরাইলকে অশান্ত করবেন না। এর পরিণতি ভালো হবে না।’
বক্তারা আরও বলেন, ‘সরাইলের মাটিতে আওয়ামী লীগের কোনো ঠাঁই নেই।’ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে রাজনৈতিকভাবে তা মোকাবিলা করা হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।
সমাবেশে সভাপতিত্ব করেন আলহাজ আনিসুল ইসলাম ঠাকুর। সঞ্চালনা করেন অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর টপু।
এ সময় বক্তব্য দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি উজ্জ্বল, সহসভাপতি আশরাফুল ইসলাম শিপন, সরাইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ, জাসাসের সভাপতি আশরাফ উদ্দিন ঠাকুর রিপন ও ছাত্রদল নেতা নাজমুলসহ স্থানীয় নেতারা।
পরে বের হওয়া মিছিলে নেতাকর্মীরা আওয়ামী লীগের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। মিছিলটি সরাইলের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানানো হয়।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

