কক্সবাজারের চকরিয়া থানার 'বিতর্কিত' ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াকে বদলির ২৪ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্ত করা হয়েছে। তিনি উখিয়া থানায় যোগদানের আগেই প্রত্যাহার করে নেয়া হয়েছে।
রোববার (২ মার্চ) রাত ৮টার দিকে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশ ওসি মনজুর কাদের ভূঁইয়াকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন।
ইতোপূর্বে ১ মার্চ কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চকরিয়া থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে বিভিন্ন বিষয়ে অভিযোগ দেন স্থানীয় সাংবাদিক মনসুর আলম মুন্না।
তিনি অভিযোগ করেন, তাকে থানায় আটক করে নির্যাতন করা হয়েছে। ওই সংবাদকর্মীর অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবীব পলাশকে ফোনকলের মাধ্যমে অভিযুক্ত ওসিকে তাৎক্ষণিক প্রত্যাহারের নির্দেশ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে শনিবার রাত ১০টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস্) মনজুর কাদের ভূঁইয়াকে উখিয়া থানায় বদলির আদেশ জারি করেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার শাকিল আহমেদ (ক্রাইম অ্যান্ড অপস)। তিনি বলেন, চকরিয়া থানার ওসিকে চট্টগ্রাম রেঞ্জ পুলিশে সংযুক্তির আদেশ জারি করেন ডিআইজি স্যার। এর আগে তাকে উখিয়া থানায় বদলি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

