বিএনপির কমিটিতে আ.লীগের দোসর, চট্টগ্রামে বিক্ষোভ

বিএনপির কমিটিতে আ.লীগের দোসর, চট্টগ্রামে বিক্ষোভ

চট্টগ্রাম মহানগরের একটি ওয়ার্ডে বিএনপির সদ্যঘোষিত আহবায়ক কমিটিতে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের সাবেক নেতাদের ঘনিষ্ঠদের রাখা হয়েছে। ফলে এই কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বিএনপির একাংশের নেতাকর্মীরা। ৩৬ নম্বর গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির এই কমিটি ঘিরে বিক্ষোভ করেন তারা।

শনিবার বিকেলে নগরীর বারিক বিল্ডিং মোড়ে এই বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়ে নগরীর ফকিরহাট, নিমতলা, খালপাড় হয়ে আবার ফকিরহাট রোডে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

বিক্ষুব্ধ নেতাকর্মীদের অভিযোগ, ঘোষিত কমিটিতে ত্যাগী, কারাবরণকারী এবং সক্রিয় নেতাদের বাদ দিয়ে স্বজনপ্রীতির মাধ্যমে ‘চিহ্নিত আওয়ামী দোসর’ ও নিষ্ক্রিয়দের স্থান দেওয়া হয়েছে। তারা অভিযোগ করেন কমিটি গঠনে অর্থ বাণিজ্যও হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, গোসাইলডাঙ্গা ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ হারুনসহ ত্যাগী নেতাদের বাদ দিয়ে আওয়ামী লীগের নেতাদের ঘনিষ্ঠদের কমিটিতে রাখা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা উপেক্ষা করে এই কমিটি গঠনের মাধ্যমে তৃণমূলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম। পরিচালনা করেন বিএনপি নেতা মোহাম্মদ ইসহাক। বক্তব্য দেন সদ্য ঘোষিত কমিটির সিনিয়র যুগ্ম আহবায়ক মো. নাজিম উদ্দিন, বিএনপি নেতা হাজী মো. হোসেন, মো. শাহ আলম, মো. শওকত মান্নান, যুবদল নেতা মো. কামাল উদ্দিন, স্বেচ্ছাসেবক দলনেতা মো. ইয়ার খান, ছাত্রদল নেতা হাসান রাসেল, মো. আবু সাগর শাকিলসহ অনেকে।

তৃণমূলের মতামতের ভিত্তিতে নতুন করে ত্যাগী নেতাদের নিয়ে কমিটি গঠনের দাবি জানান তারা ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন