দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির

দেবরের ছুরিকাঘাতে প্রাণ গেলো ভাবির

চট্টগ্রাম মহানগরের পতেঙ্গায় ছুরিকাঘাতে ফেরদৌস আরা (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার মধ্যরাতে পতেঙ্গার চড়িহালদা মোড় এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে দেবরের ছুরিকাঘাতে তিনি নিহত হন বলে জানিয়েছে পুলিশ। ফেরদৌস আরা ওই এলাকার মো. লোকমানের স্ত্রী।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার (১৩ জুলাই) মধ্যরাতে পারিবারিক জমি নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে ফেরদৌস আরাকে ছুরি দিয়ে আঘাত করেন দেবর রনি। পরে স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা নুরুল আবছার বলেন, লোকমান চার ভাইয়ের একজন। তাদের মধ্যে পৈতৃক জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে রোববার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে লোকমানের ছোট ভাই রনি ভাবিকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লাশ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রনিকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চলছে। নিহতের পরিবার থেকে এখনও কোনো লিখিত অভিযোগ দেয়া হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন