অ্যাসিডদগ্ধ মিলির মায়ের আকুতি

যারা অ্যাসিড মাইরা মাইয়াডারে মারল, তাগো ফাঁসি চাই

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি

যারা অ্যাসিড মাইরা মাইয়াডারে মারল, তাগো ফাঁসি চাই

আমি এহন কি নিয়ে বাঁচবো। আমার সব শেষ হইয়া গেল। কে আমারে মা বলে ডাকবে? আমারে কিয়ারে আল্লাহ নিলো না। যারা অ্যাসিড মাইয়াডারে মারল, তাগো ফাঁসি চাই। কাঁদতে কাঁদতে এভাবেই কথাগুলো বলেছিলেন চাঁদপুর মতলব উত্তরের অ্যাসিডদগ্ধ মিলির মা রাশেদা বেগম।

দশ মাস ৫ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় গত ৩১ ডিসেম্বর বিকেলে পিজি হাসপাতালের আইসিইউতে মারা যান অ্যাসিডদগ্ধ মিলি। মৃত্যুকালে ৯ মাসের কোলের সন্তান একমাত্র ছেলে আফনানকে রেখে যান মিলি।

বিজ্ঞাপন

জানা গেছে, মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্রামের আয়ুব আলির মেয়ে মিলি আক্তার। তাকে প্রায়ই পার্শ্ববর্তী মমরুজকান্দি গ্রামের সফিকুল ইসলাম মানিক উত্ত্যক্ত করতেন। পরে অন্য ছেলের সাথে মিলির বিয়ে হয়ে গেলেও মানিক ক্ষান্ত হয়নি। বিয়ের পর মিলির প্রতি আরও উত্ত্যক্ত করা বাড়িয়ে তুলে মানিক।

গত বছর ২৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে মানিক তার বন্ধু জাহিদকে সঙ্গে নিয়ে মিলিকে অ্যাসিড নিক্ষেপ করে। এতে মিলির মুখ, বুক, পিঠ ও হাত ঝলসে যায় এবং তার মা রাশেদা বেগমের হাত ও উরু ঝলসে যায়। পরে তাদের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ডাক্তার মিলিকে ঢাকায় পাঠান।

এ ব্যাপারে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রবিউল হক জানান, এ ঘটনায় মিলির বাবা আইয়ুব আলী বাদি হয়ে সফিকুল ইসলাম মানিক ও জাহিদকে আসামি করে থানায় একটি মামলা দায়ের করেছেন। পরে এজাহারভূক্ত ওই দুই আসামিকে পুলিশ গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। আসামিরা জবানবন্দিতে অ্যাসিড নিক্ষেপের কথা স্বীকার করেছেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিষয়: