সীতাকুণ্ডে বিস্ফোরণ ও লুটপাটের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

সীতাকুণ্ডে বিস্ফোরণ ও লুটপাটের মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরীর বাড়িতে হামলার মামলায় আ.লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তার মোহাম্মদ নাজিম উদ্দিন ভাটিয়ারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৮ সালের ২৬ ডিসেম্বর সীতাকুণ্ডের জলিল গেইট এলাকায় আসলাম চৌধুরীর বাড়িতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন চলাকালে দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে একদল ব্যক্তি সেখানে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এ সময় ধারাবাহিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি এবং বাড়িতে ব্যাপক ভাঙচুর করা হয়। হামলাকারীরা নগদ অর্থ, স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরো অভিযোগ করা হয়েছে, ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে আসলাম চৌধুরীর গাড়িতে অস্ত্র ও ককটেল রাখা হয়। পরে অস্ত্র উদ্ধারের ঘটনা সাজিয়ে আসলাম চৌধুরীর বড় ভাইসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়। ছাত্র-জনতার গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে ভুক্তভোগী পক্ষ সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করে। মামলাটি বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় দায়ের করা হয়েছে বলে এজাহার সূত্রে জানা গেছে। মামলায় মোহাম্মদ নাজিম উদ্দিনসহ ৬৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরো আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামিদের সংখ্যা ১০০ থেকে ১৫০ জন।

পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তার নাজিম উদ্দিনের বিরুদ্ধে সীতাকুণ্ড থানায় এই মামলাসহ আরও একাধিক মামলা রয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে বলে জানিয়েছেন সীতাকুণ্ড মডেল থানার কর্মকর্তারা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি তদন্ত মো. আলমগীর হোসেন বলেন, আসলাম চৌধুরীর বাড়িতে হামলা, ককটেল বিস্ফোরণ ও লুটপাটের মামলায় নাজিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার আইনি প্রক্রিয়া শেষে গ্রেপ্তার নাজিম উদ্দিনকে আদালতে পাঠানো হবে।

অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন