জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা পেলেন আমার দেশের এম হাসান

জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা পেলেন আমার দেশের এম হাসান
‘জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা’ নিচ্ছেন এম হাসান

জুলাই গণঅভ্যুত্থানের সময় পেশাগত দায়িত্ব পালনে সাহসী ও প্রশংসনীয় ভূমিকা রাখায় ‘জুলাই গণমাধ্যমকর্মী সম্মাননা’ অর্জন করেছেন আমার দেশের কুমিল্লা প্রতিনিধি এম হাসান।

বিজ্ঞাপন

সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ের দেশপ্রিয় কনভেনশন হলে ‘জুলাই শহীদ-আহত অধিকার সংরক্ষণ সংস্থা’র উদ্যোগে এ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানটির মাধ্যমে জুলাই গণমাধ্যমকর্মীদের সম্মাননা দেওয়ার পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে প্রকাশিত বিশেষ ক্রোড়পত্র ‘সুপ্রভাত কুমিল্লা’র মোড়ক উন্মোচন করা হয়।

‘সুপ্রভাত কুমিল্লা’র প্রকাশক মো. শাহাদাৎ হোসাইন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক ও জুলাই যোদ্ধা আবু রায়হান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এবি পার্টির কুমিল্লা জেলা সভাপতি মিয়া মোহাম্মদ তৌফিক, কুমিল্লা সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, ‘সুপ্রভাত কুমিল্লা’র সম্পাদক আবদুল্লাহ মুহাম্মদ রাসেল এবং সিটি করপোরেশনের প্রশাসকের একান্ত সচিব আসিফ বিল্লাহ।

অনুষ্ঠানে এম হাসান ছাড়াও কুমিল্লার আরো নয়জন গণমাধ্যমকর্মীকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। তারা হলেন—যমুনা টেলিভিশনের কুমিল্লা ব্যুরো প্রধান রফিকুল ইসলাম চৌধুরী খোকন, এখন টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, যুগান্তরের কুমিল্লা ব্যুরো প্রধান আবুল খায়ের, নয়া দিগন্তের কুমিল্লা প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী, গোমতী সংবাদের প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক মোবারক হোসেন, নিউজ২৪-এর কুমিল্লা জেলা প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, ইনডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি তানভীর খন্দকার দীপু, বাংলাদেশ প্রতিদিনের কুমিল্লা জেলা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লা এবং চ্যানেল ২৪-এর কুমিল্লা স্টাফ রিপোর্টার জাহিদুর রহমান।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীরা জুলাই গণঅভ্যুত্থানের দিনগুলোর স্মৃতিচারণ করেন এবং সংকটময় মুহূর্তে সাংবাদিকদের বস্তুনিষ্ঠ ভূমিকার বিভিন্ন দিক তুলে ধরেন।

জেডএম

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন