বাঁশখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

বাঁশখালীতে মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ

মাদক পাচার, বিক্রি ও সেবন রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের বাঁশখালীতে র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞাপন

‘সবাই মিলে শপথ করি, মাদকমুক্ত সমাজ গড়ি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এই কর্মসূচিতে পুলিশ সদস্যদের পাশাপাশি স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী, সুধীসমাজ ও সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রবিউল হকের নেতৃত্বে থানা চত্বর থেকে র‍্যালিটি শুরু হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে একটি সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না, এর ভয়াবহ প্রভাব পড়ে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ওপর। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পরিবার ও সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

সমাবেশে ওসি মোহাম্মদ রবিউল হক বলেন, বাঁশখালীকে মাদকমুক্ত রাখতে পুলিশ প্রশাসন মাদকবিরোধী অভিযান ও নজরদারি জোরদার করেছে।

অনুষ্ঠানের শেষে উপস্থিত সবাইকে মাদকবিরোধী শপথবাক্য পাঠ করানো হয়। এ সময় আগামী প্রজন্মের জন্য একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত বাঁশখালী গড়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

এমই

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন