কুমিল্লার তিতাস উপজেলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের দ্বিতীয় শাহাদাতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোটের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলার গৌরীপুর-হোমনা সড়কে আয়োজিত র্যালিতে, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। র্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলার কড়িকান্দি ব্রিজের ওপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, আবু সাঈদের শাহাদাত বৈষম্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগাবে। তারা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং জুলাই আন্দোলনের চেতনা সমুন্নত রেখে একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন তিতাস উপজেলা জামায়াতে ইসলামীর আমির শামীম সরকার, কুমিল্লা উত্তর জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সরকার, তিতাস উপজেলা ব্যবসায়ী ফোরামের সভাপতি মুহাম্মদ ছবির হোসেন, উপজেলা যুব বিভাগের সভাপতি শাহাদাত হোসাইন, সেক্রেটারি ডা. শাহাবুদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোশারফ হোসেন মুন্সী, উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি রাসেল মাহমুদসহ বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতারা।
এমএইচ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

